সংবাদসংস্থা মুম্বই: করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে তারপর কোল আলো করে আসে ছোট্ট মেয়ে দেবী। দেবীর বড় হয়ে ওঠার ছোট ছোট মুহূর্ত নেট মাধ্যমে ভাগ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী বিপাশা বসু। বাঙালি আর পঞ্জাবি পরিবারের আদরে একটু একটু করে বড় হয়ে উঠছে ছোট্ট দেবী। মেয়েকে বাংলা শেখান বিপাশা। আদর মাখা স্বরে সেও মায়ের শেখানো বাংলায় কথা বলে। 

 

 

মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গা পুজোয় একেবারে বাঙালি সাজে দেখা মিলল ছোট্ট দেবীর। কখনও বাবার কোলে, কখনও মায়ের হাত ধরে ঘুরে বেড়াল সে পুজোমণ্ডপে। মা তাকে দেখিয়ে দিল, কোথায় সিংহ, কোথায় পেঁচা, অসুর কেমন হার মেনেছে দুর্গার কাছে। বঙ্গতনয়া বিপাশা বসুর মেয়ে দেবীর দু’বছর বয়স হয়নি এখনও। এরই মধ্যে সমাজমাধ্যমে জনপ্রিয় সে। তাই ছবি শিকারিদের ক্যামেরায় দেবী ধরা পড়তেই নিমেষে ছড়িয়ে পড়েছে তার ছবি, ভিডিও।

 

 

শুধু তাই নয়। বাড়িতে পরিবারের সবার সঙ্গে বিজয়া পালন করছেন বিপাশা। সেখানে মেয়েকে বিজয়ার শুভেচ্ছা জানাতেও শেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তুলে ধরেছেন দেবীর কাণ্ডকারখানা। 

 

 

বিপাশার পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েকে 'জয় মা দুর্গা' বলতে শেখাচ্ছেন তিনি। আর মায়ের সঙ্গে তাল মিলিয়ে হাত জোড় করে দেবীও বলে উঠছে 'জয় মা দুর্গা'। তার মিষ্টি স্বরে বিজয়ার শুভেচ্ছা পেয়ে হেসে খুন পরিবারের সবাই।