আজকাল ওয়েবডেস্ক:‌ ৩৭৬ রানে থামল ভারত। ১৪ রানের জন্য শতরান পেলেন না রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে ৮৬ রানে অপরাজিত ছিলেন জাদেজা। এদিন আর রান করতে পারেননি। তাসকিন আমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অশ্বিন থামলেন ১১৩ রানে। তিনিও তাসকিনের শিকার। বাংলার পেসার আকাশ দীপ ১৭ রান করে যান। ভারতের শেষ চার উইকেট পড়ে মাত্র ৩৭ রানে। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। ফলে ৪০০ রানের দরজায় পৌঁছনো হল না ভারতের।

 


হাসান মামুদ এদিন একটি উইকেট পান। ফলে প্রথম ইনিংসে তিনি পেলেন পাঁচ উইকেট। তিন শিকার তাসকিনের। একটি করে উইকেট পান নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। শাদমান ইসলামকে বোল্ড করে দিয়েছেন বুমরা। 

 

প্রথম দিন খেলার শেষে ভারতের রান ছিল ৩৩৯/‌৬। দুই অপরাজিত ব্যাটার ছিলেন জাদেজা (‌৮৬)‌ ও অশ্বিন (‌১০২)‌। এদিন আরও ১১ রান যোগ করেন অশ্বিন। তবে ৪০০ পার করা হল না। যদিও ৩৪ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর ভারত যে এতদূর আসতে পারবে তা কল্পনা করতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। অসাধ্যসাধন করল জাড্ডু–অশ্বিনের ব্যাট।