নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার নতুন ধারাবাহিক 'তেঁতুলপাতা'র শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এই ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন ঋ সেন। তাঁর অভিনীত চরিত্রের মধ্যে রয়েছে দারুন চমক। 

জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকের পাশাপাশি এবার স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে  তাঁকে। এই ধারাবাহিকে নায়িকার সৎ মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। আজকাল ডট ইন-কে ঋ বলেন, "এখনই খুব বেশি কিছু বলতে পারব না। চরিত্রটি নেতিবাচক চরিত্র। তবে এই ধারাবাহিকে বা এই চরিত্রের মাধ্যমে দর্শক যে লুকে আমায় দেখতে পাবেন, এর আগে কখনও এই ধরনের লুকে আমি কাজ করিনি। 

সবসময়ই নতুন ধরনের কাজ করতে আগ্রহী ঋ। তাই এই ধারাবাহিকের লুক নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি। ইতিমধ্যেই 'তেঁতুলপাতা' ধারাবাহিকের নতুন প্রোমো দেখেছেন দর্শক। বহুদিন বাদে কমেডির মোড়কে পারিবারিক গল্প দেখা যাবে ছোটপর্দায়। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দে। প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ে থেকে পালিয়ে চলতি ট্রেনে উঠছে নায়িকা। সেখানেই প্রথম দেখা নায়কের সঙ্গে। তবে এরপর 'তেঁতুলপাতা'য় কিভাবে সে জায়গা করে নেবে সে, সেই গল্পই বলবে ধারাবাহিক।