নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার জনপ্রিয় নায়ক ঋত্বিক মুখোপাধ্যায়। 'টুকাইবাবু' হোক আর 'সোমরাজ' দর্শকের কাছে থেকে ভালবাসা পেয়েছেন তাঁর অভিনীত সবক'টি চরিত্রেই। আজ জন্মদিন অভিনেতার। জন্মদিনের স্পেশ্যাল প্ল্যান নিয়ে আজকাল ডট ইন-কে জানালেন ঋত্বিক।
কেমন করে কাটাবেন আজকের বিশেষ দিন? "আমি খুব ছাপোষা। সবার সঙ্গে মিশতে পারিনা। জন্মদিনে বাড়িতেই থাকতে পছন্দ করি। আজ পাঁচ রকম ভাজা, পাঁঠার মাংস থাকছে মেন্যুতে। আমি খুব একটা কেক কাটতে পছন্দ করিনা। ছোট থেকে জন্মদিন মানে মায়ের হাতের পায়েসই স্পেশ্যাল আমার কাছে।" জানালেন ঋত্বিক।
ঋত্বিকের কথায়, "একেই বৃষ্টির দিন। আমি জানলায় বসে বৃষ্টি উপভোগ করছি। এখন আলাদা করে জন্মদিনের জন্য নতুন কিছু প্ল্যান আর করি না। গতকাল রাতে বন্ধুবান্ধবের সঙ্গে কেক কেটেছি ওঁদের কথা ফেলতে পারিনি বলে।কিন্তু আমি একটু ঘরোয়া। তাই বাড়িতেই থাকব আজ।"
সূত্রের খবর, নতুন কাজ নিয়ে খুব তাড়াতাড়ি অনুরাগীদের সামনে আসতে চলেছেন ঋত্বিক। হইচই-এর নতুন প্রকল্প মেগা ওয়েব সিরিজে থাকতে পারেন অভিনেতা। যদিও এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ঋত্বিক।
















