সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

প্রাক্তন শাশুড়ির সঙ্গে ছবি পোস্ট নাতাশা স্ট্যানকোভিচের! 

সম্পর্কে ইতি টেনেছেন বছর দুয়েক হতে চলল। হার্দিক অন্য সম্পর্কে জড়ালেও তিনি এবং নাতাশা এখনও তাঁদের সন্তানকে একই সঙ্গে মানুষ করছেন। এর মধ্যেই প্রাক্তন শাশুড়ি অর্থাৎ হার্দিকের মায়ের সঙ্গে একটি অদেখা ছবি পোস্ট করলেন নাতাশা। ছবিটিতে নাতাশা স্ট্যানকোভিচ এবং নলিনী পান্ডিয়া ছাড়াও অগস্ত্য অর্থাৎ হার্দিকের ছেলে আছে অন্যান্যদের সঙ্গে। বিচ্ছেদের পর নাতাশা এমন এক পারিবারিক ছবি পোস্ট করায় জল্পনা শুরু হয়েছে। রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি। প্রসঙ্গত হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর এই প্রথম প্রাক্তন শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ছবি পোস্ট করলেন নাতাশা। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা এবং হার্দিক। ২০২০ সালেই ভূমিষ্ট হয় তাঁদের সন্তান অগস্ত্য। এরপর ২০২৪ সালের জুলাই মাসে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। বর্তমানে মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন হার্দিক। 

বিজয়ের সঙ্গে প্রেমের জল্পনা তুঙ্গে, এর মাঝেই ইঙ্গিতবহ বার্তা তৃষার 

সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ডিভোর্স ফাইল করেছেন। আর সেই থেকেই উসকে গিয়েছে অভিনেতার সঙ্গে তৃষা কৃষ্ণনের প্রেমের জল্পনা। দু'জনকে একত্রে বিভিন্ন জায়গায়, নানা সময় দেখা গিয়েছে। এবার প্রেম, সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে ইঙ্গিতবহ পোস্ট শেয়ার করলেন তৃষা। সেই পোস্টে লেখা, 'প্রেম সব কিছু মোটেই না। আবার সব কিছুই অর্থহীন ভালবাসা ছাড়া।' এটি শেয়ার করে তৃষা লেখেন, 'একদম সঠিক।' এদিন একই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেন, সেখানে বলা হয়, 'আমি আমার জীবনের সেই স্টেজে রয়েছি যেখানে আমি আর তর্ক করি না। যদি তুমি বলো হাতি উড়তে পারে, আমি সেটাই সঠিক বলব। না, সেটা সঠিক বলে বা আমিও সেটা আমি বলে নয়। কারণ আমি তোমাকে কিছু বোঝাতে চাই না। শান্তি ভীষণ জরুরি সঠিক প্রমাণ করার থেকে। চুপ করে থাকা অনেক সস্তা ব্যাখ্যা করার থেকে। সবাইকে তোমার এনার্জির অ্যাকসেস দিতে হবে না। কিছু ভুল বোঝা ঝগড়া নয়, বরং ক্লান্তি। তাই আমি আমার শান্তি বজায় রাখি।' 

রণবীরের মজার দিক ফাঁস করলেন শ্রেয়া! 

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে শ্রেয়া ঘোষাল রণবীর সিংয়ের একটি মজার ভিডিও শেয়ার করেন অভিনেতার মিউজিক টেস্ট জানিয়ে। একই সঙ্গে জানান তাঁর এবং রণবীরের পছন্দের গান একই, 'গজনি' ছবির 'লাটু'। এদিন রণবীরের এই মজার দিক দেখে হেসে খুন হয় দর্শক। একই অবস্থা নেটপাড়ার।