আজকাল ওয়েবডেস্ক:‌ বয়স চার কিংবা পাঁচ। পুলিশের যৌন লালসার শিকার হল এক দলিত শিশুকন্যা। সন্তানের বয়সী পড়শির শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল সাব ইনস্পেক্টর ভূপেন্দ্র সিংয়ের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ব্যাপক মারধর করেন অভিযুক্তকে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই সাব ইনস্পেক্টরকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসায়। জানা গেছে, লালসোত এলাকায় পাশাপাশি বাড়িতে থাকত নির্যাতিত শিশু ও অভিযুক্ত। শুক্রবার দুপুরে অভিযুক্ত লোভ দেখিয়ে চার বছরের শিশুকন্যাকে ঘরে ঢাকে। অভিযোগ, এরপরই ঘণ্টাখানেক ধরে শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালায় ওই সাব ইনস্পেক্টর। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরতেই গোটা বিষয়টি বুঝতে পারেন মা–বাবা। এরপরই শিশুটির মা–বাবা ও পড়শিরা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। তাকে টেনে বের করে এনে ব্যাপক মারধর করা হয়। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। শিশুটির মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।