আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণের জেরে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা নাগাল্যান্ডে। রাজ্যের মোন জেলায় এক ভয়ঙ্কর ভূমিধসে শিশু-সহ অন্তত আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধসের পাশাপাশি এলাকায় হড়পা বানও দেখা দিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে চার জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ।

 

মোন জেলার ডেপুটি কমিশনার ওয়েনেই কোনিয়াক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধসের ঘটনায় আট জনের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। বলেন, "আমরা এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে চার জনের দেহ উদ্ধার করতে পেরেছি। নিখোঁজ ব্যক্তিদের জন্য এলাকায় ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।"

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ মাটিতে মিশে গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ চাপা পড়ে রয়েছেন কিনা, তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। তবে ধসের পর ওই এলাকাজুড়ে বৃষ্টির জল ক্রমাগত প্রবাহিত হওয়ায় উদ্ধারকাজে চরম বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবী, পুলিশ ও সেনা কর্মীরা। পাশাপাশি রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।

 

নাগাল্যান্ড সরকারের তরফে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় চরম প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকায় প্রতিনিয়ত নজরদারি এবং খোঁজখবর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের তরফে। রাজ্যের মোন জেলা ছাড়াও মোকোকচুং জেলার তুলি মহকুমা-সহ অন্যান্য এলাকাতেও ধস, হড়পা বান, পথ অবরোধ এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রী নেফিউ রিও মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৭৪,০০০ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন।

 

একইসঙ্গে, রাজ্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। নদী তীরবর্তী অঞ্চল, খাড়া পাহাড়ি ঢাল এবং ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে নির্দেশও জারি করা হয়েছে।