আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে ডিজিটাল পরিষেবার সুবিধাকে কাজে লাগিয়ে চলতি সপ্তাহেই মাইলফলক স্পর্শ করেছে কেন্দ্রের 'আধার অ্যাপ'। এই সপ্তাহে দেশে রেকর্ড চার কোটি ডাউনলোড হয়েছে আধার অ্যাপের। কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অ্যাপটি এখন নাগরিকদের জন্য একটি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফলে কোথাও না গিয়েই ঘরে বসে গোপনীয়তা বজায় রেখেই ব্যক্তিগত তথ্য আপডেট এবং ই-আধার অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাপটির ব্যাপক গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে যে, এটি নাগরিকদের জীবনকে অনেকটা সহজ করে তুলেছে।

 

আধার অ্যাপের বৈশিষ্ট্য

 

আধার অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গিয়েছে মোবাইল নম্বর আপডেটের ক্ষেত্রে। প্রায় ৪৯ লক্ষ নাগরিক এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে যুক্ত তাঁদের মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করেছেন। অ্যাপের মাধ্যমে থেকে এ পর্যন্ত প্রায় ১১.৬৫ লক্ষ মানুষ ঘরে বসেই তাঁদের আধার কার্ডে দেওয়া ঠিকানা সংশোধন করেছেন। নিরাপত্তার দিক থেকেও বহু নাগরিক এই অ্যাপের উপর ভরসা রাখছেন। আধারের অপব্যবহার রুখতে ১ কোটি ৯১ লক্ষেরও বেশিবার ‘বায়োমেট্রিক লক বা আনলক’ ফিচারটি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তৎক্ষণাৎ তাঁদের 'বায়োমেট্রিক অথেন্টিকেশন' চালু বা বন্ধ করতে পারেন।

 

গত ১ জুলাই থেকে আধার অ্যাপে ইমেল আইডি সংযুক্ত বা আপডেট করার নতুন পরিষেবাও চালু করা হয়েছে। ইতিমধ্যে এই সুবিধা নিয়েছেন প্রায় ১২.৫ লক্ষ মানুষ। নাগরিকদের সঙ্গে ডিজিটাল যোগাযোগ আরও জোরদার করতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক অন্য একটি বড় ঘোষণাও করেছে। আগে এই পরিষেবার জন্য ৭৫ টাকা মূল্য জমা দিতে হত। তবে চলতি বছরে ৩১ ডিসেম্বর পর্যন্ত আধার অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ইমেল আপডেট করা যাবে।

 

সরকারি আধিকারিকদের মতে, আধার অ্যাপের এই বিপুল ব্যবহার 'ডিজিটাল ইন্ডিয়া মিশন' এবং 'বিকশিত ভারত'-এর বৃহত্তর লক্ষ্য পূরণে সহায়ক হবে। মোবাইলের মাধ্যমেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, ডাউনলোড এবং প্রাইভেসি কন্ট্রোল সম্ভব হওয়ার জন্য সাধারণ মানুষকে আর আধার এনরোলমেন্ট বা আপডেট-এর কোনও সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না।