আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার জেরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বিভিন্ন এলাকায় আটকে পড়া ১১ জন সাধারণ মানুষকে সফলভাবে উদ্ধার করল ভারতীয় সেনা।

হোয়াইট নাইট কর্পসের সেনারা জম্মু ও কাশ্মীর পুলিশ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে থানামান্ডির দক্ষিণে চুরুঙ্গ গ্রাম সংলগ্ন একটি বন্যাকবলিত নালার ওপারে আটকে পড়া ৯ জনকে উদ্ধার করা হয়।

তাঁদের মধ্যে পাঁচজন শিশু ছিল। প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সেনাবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে নিরাপদে উদ্ধার করে। অন্য একটি সমান্তরাল অভিযানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার রেজিমেন্টের জওয়ানরা রাজৌরি শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ধাঙ্গরি এলাকার নওশেরা তাওয়ি নদীর একটি দ্বীপে আটকে পড়া ১৭ থেকে ২০ বছর বয়সি দুই যুবককে উদ্ধার করেন।

তীব্র স্রোতের মধ্যে সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে উদ্ধার করে পরে রাজৌরির সিভিল প্রশাসনের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে দুটি উদ্ধার অভিযানই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।