নিতাই দে: রাজ্যে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে পুলিশ বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করছে ত্রিপুরা সরকার। এমনটাই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

রবিবার আগরতলার আর. কে. নগরস্থিত এ. চন্দ্র রামা রাও টিএসআর প্রশিক্ষণ কেন্দ্রে ৯২তম ব্যাচের ৪৭০ জন নবনিযুক্ত পুরুষ পুলিশ কনস্টেবলের পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার অপরাধ দমন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।"

তিনি বলেন, "একজন পুলিশকর্মী শুধু আইন প্রয়োগকারী নন, বিপদগ্রস্ত মানুষের প্রথম ভরসার প্রতীক। তাই কর্তব্য পালনের পাশাপাশি মানবিকতা, সততা, সংবেদনশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।"

নবনিযুক্ত কনস্টেবলদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও দক্ষতা ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, সাইবার অপরাধ মোকাবিলায় রাজ্যজুড়ে জনসচেতনতা কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে এবং নতুন ফৌজদারি আইন সম্পর্কে ত্রিপুরা পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের শারীরিক সক্ষমতার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে. কে. সিনহা, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিংসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কনস্টেবলরা কুচকাওয়াজের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান।