নিজস্ব সংবাদদাতা: কিছুদিন ধরেই টলিউডে জোর গুঞ্জন। দেবের ‘খাদান’-এ বলিউড থেকে অভিনেতা যোগ দিচ্ছেন। প্রথম থেকেই বরখা বিস্ত এই ছবিতে রয়েছেন। অর্থাৎ, ছবির পরিচালক সুজিত রিনো দত্তর বলিউড যোগ শুরু থেকেই। শোনা যাচ্ছে, শেষ পর্বের শুটে নাকি হিন্দি ছবির আরও এক পরিচিত মুখ অংশ নিতে চলেছেন। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। এবার সেই খবরে এল বড় সিলমোহর।

অভিনেতা বিদ্যুৎ জামাল ক্যামিও চরিত্রে থাকতে পারেন এই ছবিতে এমনটাই জানা যাচ্ছে। এর আগেও সুনীল শেঠি এবং বিদ্যুৎ জামালের নাম উঠে এসেছিল। এখন জানা যাচ্ছে, ক্যামিও চরিত্রে বিদ্যুৎ -ই হয়তো থাকছেন 'খাদান'-এ।

সুজিত রিনো দত্ত পরিচালিত এই ছবির প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চল। সেখানকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে খাদান। যে চরিত্রে থাকছেন দেব ও যিশু।
ছবিতে দেব,যিশু ছাড়াও অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, জন ভট্টাচার্য, ইধিকা পাল প্রমুখকে দেখা যাবে। ছবিটির শুটিং হবে কলকাতার পাশাপাশি আসানসোল, রানিগঞ্জ-সহ দেউচা পচামিতে।