স্টার জলসার ধারাবাহিক 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'তে আসছে বিরাট মোড়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে দর্শক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিদ্যাকে এতদিন দর্শক দেখেছেন একজন সৎ শিক্ষিকা হিসেবেই। কিন্তু এ কী? পরীক্ষায় ছাত্রছাত্রীদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য নাকি টাকা আদায় করছে বিদ্যা? এই প্রোমো ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে। 

দেখা যাচ্ছে, কলেজে সবার সামনে একজন ছাত্র বিদ্যাকে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার অজুহাতে টাকার প্রস্তাব দেয়। প্রথমে বিদ্যা তার পরিচিত ভঙ্গিতে জানায়, এরকম করলে সে উচিত শিক্ষা দিতে মোটেই পিছপা হবে না। আর তারপরেই সুর বদলে সে জানায় টাকার প্রস্তাব সে গ্রহণ করতে রাজি। এমনকী টাকার সুটকেসটাও হাসি মুখে হাতে তুলে নেয়। প্রফেসর বিদ্যার এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় কলেজের বাকি স্টুডেন্টরা। তারা যেন কিছুতেই বিশ্বাস করতে পারে না বিদ্যা এমন করতে পারে। 

তাহলে কি স্টুডেন্ট রাজনীতি রুখতে এমন সিদ্ধান্ত বিদ্যার? এভাবেই কি দুষ্টের দমন করবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই দেখা গিয়েছিল রাজরীতের সঙ্গে কথা বলছে বিদ্যা। রাজরীত বিদ্যার থেকে জানতে চায় নায়িকা কোন শিকড়ের কথা বলছে? কী তার অর্থ? জবাবে বিদ্যা বলে কৃষ্ণ গোপাল বলে কেউ একজন আছে তার খোঁজ করছে। কিন্তু কেন? কারণ হিসেবে জানায় সে তার বাবার পরিচয় জানতে চায়। সেটার খোঁজেই নেমেছে। ফলে তার সামনে এখন দু'টোই লক্ষ্য। এক, কৃষ্ণ গোপালের খোঁজ পাওয়া, এবং দ্বিতীয় হল কাশ্যপ ব্যানার্জির বিরুদ্ধে এই লড়াই জেতা। 
এর মধ্যেই দেখা যায় কৃষ্ণ গোপাল বিদ্যার বাবাকে ফোন করছে। এবং জানাচ্ছে সে তার মেয়ের খোঁজ পেয়েছে। অবশেষে নায়িকা কি তবে তার বাবার পরিচয় জানতে পারবে? ঘুচবে তার অপবাদ, অপমানের সময়? কী অপেক্ষা করছে সেটা জানতেই মরিয়া দর্শক। 

এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গল্পে তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। নতুন এই জুটির এখনও মিল দেখানো না হলেও দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে বিদ্যা ও রাজরীত।