আজকাল ওয়েবডেস্ক: নেদারল্যান্ডসকে হারিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের পয়েন্টস টেবিলে পাঁচে উঠে এল আফগানিস্তান। এরই সঙ্গে সেমিফাইনালে ওঠার আশাও জিইয়ে রাখল তারা। যদি চার নম্বরেও শেষ করতে পারেন রশিদ খানরা সেক্ষেত্রে সেমিতে ভারতের মুখোমুখি সম্ভাবনা রয়েছে তাদের। নক আউটে ওঠার ক্ষেত্রে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে তাদের। পাশাপশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করার লড়াইয়ে রয়েছে আফগানিস্তান। বর্তমানে আফগানিস্তানের পয়েন্ট সাত ম্যাচে আট পয়েন্ট।

এদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলেন রশিদ খানরা। ব্যাট করতে নেমে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিল ডাচরা। তবে প্রথম উইকেট পড়ার পর ক্রিজে আর কেউই দাঁড়াতে পারেননি। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই রান আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। আফগানিস্তানকে মাত্র ১৮০ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস। মহম্মদ নবি তিন উইকেট এবং নুর আহমেদ দুই উইকেট নিয়ে যান। শুরুতেই রামানুল্লাহ গুরবাজকে হারালেও জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে অসুবিধা হয়নি। রহমত শাহ এবং অধিনায়ক হাসমাতুল্লাহ শাহীদির জুটিতে ভর করে ম্যাচ পকেটে পুরে নেয় আফগানিস্তান। মুম্বইয়ের ওয়াংখেড়েতে আফগানিস্তানের পরবর্তী ম্যাচ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।