আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে হতাশাজনক মরশুমের পর নতুন বিতর্কে জড়ালেন হার্দিক পাণ্ডিয়া। বুধবার সন্ধ্যায় আচমকাই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অদৃশ্য হয়ে যায়। অ্যাকাউন্টে ঢুকতে গেলে দেখা যায় বার্তা, ''সরি, দিস পেজ ইজ নট অ্যাভেইলেবল। দ্য লিঙ্ক ইউ ফলোড মে বি ব্রোকেন অর দ্য পেজ মে হ্যাভ বিন রিমুভড। গো ব্যাক টু ইনস্টাগ্রাম।'' 

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় হার্দিকের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। ঠিক কী কারণে অ্যাকাউন্টটি ডিলিট বা নিষ্ক্রিয় করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মুম্বই ইন্ডিয়ান্সের এ বারের ব্যর্থ অভিযানের পরেই এই ঘটনা সামনে আসায় জল্পনা আরও বেড়েছে।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি ১৪ ম্যাচে মাত্র চারটি জয় পেয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করে। 

ব্যক্তিগতভাবেও কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন হার্দিক। আট ইনিংসে তিনি করেছেন মাত্র ১৪৬ রান এবং পুরো মরশুমে নিয়েছেন মাত্র তিনটি উইকেট।

এদিকে প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর মনে করছেন, আগামী মরশুমে হার্দিককে অধিনায়ক না রাখাই ভাল। যদিও দলে তাঁকে অবশ্যই ধরে রাখা উচিত বলেও মত জাফরের।

নিজের ইউটিউব চ্যানেলে জাফর বলেন, “আমি ওকে আর অধিনায়ক হিসেবে দেখতে চাই না। তবে অবশ্যই রিটেন করা উচিত। আমি চাই ও নিজের খেলায় মন দিক এবং সেরাটা ফিরিয়ে আনুক।''

হার্দিকের পরিবর্তে কাকে অধিনায়ক করা যেতে পারে, সেই প্রশ্নে জাফর বলেন, ''এই মুহূর্তে নির্দিষ্ট কাউকে বেছে নেওয়া কঠিন।''