প্রকাশিত হল রাজ্যের অন্যতম জনপ্রিয় মহিলাদের জন্য সমাজকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্ম।
2
13
নবান্নে বুধবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফর্ম প্রকাশ করেন। অফলাইন এবং অনলাইন দু’ভাবেই এই ফর্ম উপলব্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
3
13
শুভেন্দু এদিন বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে, তাঁরা সিএএ এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি তাঁরাও টাকা পাচ্ছেন। আমরা আজ অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করছি। নারী ও শিশুকল্যাণ দপ্তর এই প্রকল্পের নোডাল দপ্তর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল পরিচালনার দায়িত্বে থাকবেন। পরিচ্ছন্ন তালিকা প্রকাশ করা হবে শুধুমাত্র উপযুক্ত প্রাপকের তালিকা প্রকাশ করা হবে।”
4
13
তিনি বলেন, “সরকারের তরফে ফর্মে একটু বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আমাদের সরকার ৩০০০ টাকাও দিতে চায় এবং পরিবারের তথ্য চায়। কারণ অন্যান্য প্রকল্পের সুবিধা দিতে চাই। আয়ুষ্মান ভারতে রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট এর প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই মৌ সই হবে ভারত সরকারের সঙ্গে। এখনই স্বাস্থ্যসাথী বন্ধ হবে না।”
5
13
মুখ্যমন্ত্রী আরও বলেন, “যেহেতু একই দিনে সবাই ফর্ম পূরণ করতে পারবেন না। ধীরে সুস্থে করবেন। এখন ২ কোটি ২০ লক্ষ মহিলা টাকা পান। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ আছে যাঁরা যোগ্য নন। তাঁরা পাবেন না। সবশেষে প্রায় ২ কোটি উপভোক্তা থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার ততদিন চালু রাখব যতদিন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ এবং এনরোলমেন্ট সম্পন্ন হবে।”
6
13
তিনি আরও বলেন, “আগামী ২ জুনের মধ্যে যাঁদের এনরোলমেন্ট হয়ে যাবে তাঁদের ৩ জুন থেকে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। যাঁদের এনরোলমেন্ট হয়ে যাবে, তাঁরাই পাবেন এই প্রকল্পের টাকা। এর পরেও ধীরে ধীরে দেওয়া হবে টাকা। ১ জুন থেকে ৯০ দিন এই এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে। অনলাইন অফলাইন দু’ভাবেই চলবে এলরোলমেন্ট প্রক্রিয়া। বিডিও, পুরসভার আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ৩০ দিনের ড্রাইভ চালাবেন। যাঁরা অনলাইন বা অফলাইনে পারবেন না, তাঁদের সাহায্য করবেন।”
7
13
মুখ্যমন্ত্রী বলেন, “এই ফর্মে অনেক শর্ত রাখা হয়েছে। বিধায়করা এই ড্রাইভে নেতৃত্ব দেবেন। ফর্ম ফিলাপে সহযোগিতা করবেন। এরপরেই বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে সেখানেও বুঝিয়ে বলা হবে। আমাদের জনকল্যাণা শিবিরেও ফর্ম ফিলাপে সহযোগিতা করা হবে।”
8
13
তিনি আরও বলেন, “অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ফর্ম পূরণ করতে হবে। আয়কর দিলে প্রকল্পের সুবিধা মিলবে না। সরকারি, আধা-সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না। ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না সুবিধা। যাঁরা এসআইআর ট্রাইব্যুনালে বা সিএএ-র জন্য আবেদন করেছেন করেছেন তাঁরা টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে।”
9
13
শুভেন্দু জানিয়েছেন, মন্ত্রী অগ্নিমিত্রা প্রতি সপ্তাহে সাংবাদিক বৈঠক করে কত জনের এনরোলমেন্ট হয়েছে তা জানিয়ে দেবেন। ৩ জুন ট্রান্সফারের কাজ শুরু হবে তারপর থেকে ৭ দিন পর পর জানিয়ে দেওয়া হবে কত সংখ্যক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়েছেন। স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকারের ওয়েবসাইটেও দেওয়া থাকবে। বাংলা এবং ইংরাজিতে ফর্ম উপলব্ধ থাকবে। কিছু বিশেষ এলাকার জন্য বিশেষ ভাষায় ফর্ম থাকবে।
10
13
মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানিয়েছিলেন, বুধবার ফর্ম প্রকাশিত হবে। তিনি আরও জানিয়েছিলেন, যত তাড়াতাড়ি নাম নথিভুক্ত করা হবে তত তাড়াতাড়ি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। যতক্ষণ না টাকা ট্রান্সফার হবে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে।
11
13
বিধানসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।
12
13
প্রতিশ্রুতি পূরণে পুরোদমে কাজ চলছে। পোর্টাল তৈরির কাজ চলছে। জেলা প্রশাসনের তরফে ভেরিফিকেশনের কাজ চলছে। এই প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে দেওয়া হবে।
13
13
এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ডিবিটি লিঙ্ক করার কাজ চলছে। অনলাইনে এনপিসিআইয়ের ওয়েবসাইট এবং উমঙ্গ অ্যাপেও করা যাবে ডিবিটি লিঙ্ক।