আজকাল ওয়েবডেস্ক: একসময় সৌমেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন, প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। সারদা ফাইল লোপাট মামলায় সেই সৌমেন্দু অধিকারীকেই ফের তলব কাঁথি থানার পুলিশের। বৃহস্পতিবার বেলা ১২টার সময় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার হাজিরার নির্দেশের নোটিস যায় তাঁর কাছে। সৌমেন্দুর আইনজীবী আগেই জানিয়েছিলেন, তিনি হাজিরা দেবেন। বৃহস্পতিবার বেলা ১২টায় কাঁথি থানায় হাজিরা দেন রাজ্যের বিরোধী দলনেতার ভাই। সারদার ফাইল লোপাট মামলায় এর আগেও তাঁকে তলব এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সৌমেন্দু অধিকারীর আইনজীবী দাবি করেছেন, কেবলমাত্র রাজনৈতিক কারণেই বারবার তলব করা হচ্ছে সৌমেন্দুকে। এক সময় কাঁথি পুরসভা এলাকায় জমি কিনেছিলেন সারদা কর্তা সুদীপ্ত দেন। পুরসভার সঙ্গে সারদা কর্তার জমির চুক্তির ফাইল লোপাট নিয়ে চলছে তদন্ত।