বিউ সরকার, দীক্ষা ভূঁইয়া: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠছে তিলোত্তমা। রাজ্যে পদ্মশিবির ক্ষমতায় আসার পর ড. মুখোপাধ্যায়ের প্রথম জন্মবার্ষিকী হওয়ায় এ বারের উদ্‌যাপনকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে দেশজুড়ে। আগামী কাল, সোমবার, ৬ জুলাই এই বিশেষ দিনে রাজ্যে একাধিক বর্ণাঢ্য কর্মসূচিতে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগেও নেওয়া হয়েছে একাধিক সরকারি কর্মসূচি, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির বিএসএফ-এর একটি বিশেষ বিমানে চেপে দুপুর ৩টে ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন নিউ টাউনের ইকো পার্কে। বিকেল ৪টে বেজে ১০ মিনিটে সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো করবেন তিনি। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় সমবায় মন্ত্রী এবং অন্য বিশিষ্ট অতিথিরাও উপস্থিত থাকবেন।

ইকো পার্কের কর্মসূচি শেষ করে বিকেল ৫টা নাগাদ অমিত শাহ পৌঁছবেন ভবানীপুরের ৭৭ নম্বর আশুতোষ মুখার্জি লেনে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রীরও উপস্থিত থাকার কথা রয়েছে। এর ঠিক পরেই, বিকেল ৫টা ২৫ মিনিটে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে (মিলন মেলা) ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও। এই মূল অনুষ্ঠান শেষ করেই আগামিকালই আবার দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্য দিকে, এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে রাজ্য বিজেপির সদর দপ্তর, ৬ নম্বর মুরলিধর সেন লেন আলো ও ফুলের সাজে সেজে উঠেছে। রবিবারের ছুটির দিনেও সেখানে পুরোনো বিজেপি কার্যকর্তা ও সমর্থকদের ব্যাপক ভিড় দেখা গেছে। সোমবারের কর্মসূচি নিয়ে কর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

বিজেপি কার্যকর্তা অশোক সিনহা জানিয়েছেন, সোমবার সকালের কর্মসূচি শুরু হবে দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে। এরপর ১২৫ জন মহিলা লালপাড় সাদা শাড়ি পরে শঙ্খধ্বনির মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিক্রমা করবেন। দলীয় স্তরে পুরো কর্মসূচিকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচি শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্য শীর্ষ নেতারা।

তবে এ বারের বড় আকর্ষণ হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি, যা শুরু হবে দুপুর ৩টে থেকে। সব কিছু ঠিক থাকলে এই কর্মসূচিতে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী-পিতা শিশির অধিকারী। তিনি এলে এই প্রথম বার রাজ্য বিজেপির এই দপ্তরে পা রাখবেন প্রবীণ এই নেতা। এ দিনের অনুষ্ঠানে ১২৫ জন বিশিষ্ট বিজেপি কর্মী ও নেতাকে সংবর্ধনা দেওয়া হবে, যেখানে উপস্থিত থাকবেন দলের একাধিক মন্ত্রী ও বিধায়ক। এ ছাড়া, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশানুযায়ী, রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার সবকটি মণ্ডল সভাপতি নিজেদের এলাকায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বা মূর্তিতে মাল্যদান করবেন। বিধায়কদেরও নিজ নিজ এলাকায় এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, রাজ্য সরকারের তরফ থেকেও বেশ কিছু কর্মসূচি রাখা হয়েছে। সোমবার সকাল ১১টায় রেড রোডের বিএনআর রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের অন্য মন্ত্রীরা। এরপর সকাল ১১টা ১৫ মিনিটে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন ঘিরে সোমবার রাজ্যজুড়ে এক বর্ণাঢ্য পরিবেশ তৈরি হতে চলেছে।