আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই শুরু হবে বসন্ত উৎসব। একে সপ্তাহান্ত, তাতে আবার দোল। আবিরে মাখামাখি, হইহুল্লোড়, আর খাওয়াদাওয়া। ভুরিভোজের পাশাপাশি স্ন্যাক্স, ঠান্ডাই, মিষ্টি তো থাকবেই। স্বাদ বদল করতে বানিয়ে নিতে পারেন, আমপান্না। কীভাবে বানাবেন? রইল রেসিপি।
পাকা আম: ১টি বড় মাপের, অল্প আদা কুচি, টোব্যাসকো সস ১ চা চামচ, জল ১০০ মিলি, চিনি ৩০ গ্রাম, বরফ ৪-৫ কিউব, পাতিলেবু ১ টি, চাট মশলা ২ চামচ, পুদিনা পাতা গার্নিশিংয়ের জন্য
পদ্ধতি:
আম ছাড়িয়ে পাল্প আলাদা করে রাখুন। একটি ব্লেন্ডারে সব উপকরণ মিশিয়ে নিন ভালভাবে। একটি ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন।
পরিবেশন করার জন্য একটি লম্বা গ্লাস নিন। গ্লাসের রিমে লেবুর রস লাগিয়ে নিন প্রথমে। তাতে বিটনুন আর চাটমশলা মাখিয়ে নিন। সাবধানে বরফের টুকরোগুলো দিয়ে দিন। আলতো করে ঢেলে দিন আমপান্না। রসের উপরে টোব্যাসকো সস ছড়িয়ে দিন কয়েক ফোঁটা।
পরিবেশনের আগে কয়েকটা পুদিনা পাতা ছড়িয়ে দিন গ্লাসে।
আম খাওয়ার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বককে গভীর থেকে উজ্জ্বল করে তোলে। কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এর উপাদান ভিটামিন এ এবং কেরাটিন, যা চুলের বৃদ্ধিতে উপকারী। এর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে। ভিটামিন কে, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম শরীরের জন্য উপকারী। তবে ডায়াবেটিস থাকলে এই পানীয় থেকে দূরে থাকাই ভাল।