আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে রুদ্ধশ্বাস ত্রিদলীয় সিরিজে এসপিজি ট্রফি জিতল পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ক্রিকেট দল। ফাইনালে মহারাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র এবং হরিয়ানা টুর্নামেন্টে অংশ নেয়। বিশেষভাবে সক্ষমদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ওপেনিং ম্যাচে মহারাষ্ট্রের মুখোমুখি হয় বাংলা। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন সমরেশ বিশ্বাস। ১৭ রান করার পাশাপাশি দুটো উইকেটও তুলে নেন। জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। দ্বিতীয় ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা মহেশ সাউ।
ফাইনালে প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় মহারাষ্ট্র। অনায়াসেই জয়ে পৌঁছে যায় বাংলা। ১৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয় ছিনিয়ে নেয় তাঁরা। ফাইনালে ম্যাচের সেরা হন তপন বৈরাগী। টুর্নামেন্টের সেরা বোলার সুমন দে। সেরা ফিল্ডারের পুরস্কার পান দীপঙ্কর মল্লিক। টুর্নামেন্টে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিশেষভাবে সক্ষমদের সর্বভারতীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশিষ্টজনেরা। এছাড়াও ছিলেন প্রাক্তন ক্রিকেটার কার্সন ঘাউরি, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি বিনোদ দেশপান্ডে, প্রাক্তন ক্রিকেটার একনাথ সোলকারের ছেলে ব্রিজেস সোলকার প্রমুখ।
















