আজকাল ওয়েবডেস্ক: ফুটন্ত আবেগের মধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু করতে চলেছে পর্তুগাল। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ভারতীয় সময় শুক্রবার ভোর সাড়ে চারটেয় টরেন্টোতে রাউন্ড অফ ৩২ তে পর্তুগালের মুখোমুখি ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় জায়গা করে নিতে নামবে রোনাল্ডোরা। তবে এর ঊর্ধ্বে গিয়ে ম্যাচ জেতার পেছনে আরও বড় একটি উদ্দেশ্য আছে। কানাডায় যখন কিক অফ হবে, পর্তুগালে ততক্ষণে ৩ জুলাই হয়ে যাবে। পর্তুগালের প্রাক্তন ফুটবলার আন্দ্রে জোটার প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে ওয়েস্টার্ন স্পেনে গাড়ি দুর্ঘটনার জোটা এবং তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভার মৃত্যু হয়। তাঁদের মৃত্যুর বর্ষপূর্তি আবার সেই দুর্ঘটনাকে পর্তুগিজ ফুটবলারদের স্মৃতিতে টাটকা করে দিয়েছে। 

মৃত্যুকালে জোটার বয়স হয়েছিল ২৮। তাঁর ভাইয়ের ২৫। দু'জনেই প্রতিষ্ঠিত ফুটবলার ছিলেন। তবে ফুটবলের ঊর্ধ্বেও তাঁরা প্রভাব বিস্তার করে। পর্তুগালের দ্বিতীয় ডিভিশন ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন সিলভা। ২০২৫ সালে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেন। অন্যদিকে পর্তুগালের স্ট্রাইকার ছিলেন জোটা। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতেন। দুর্ঘটনার মাত্র ১১ দিন আগে, ছোটবেলার বান্ধবী রুট কারদোজোকে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০২৫ সালের জুনে উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন জোটা। জীবিত থাকলে আজ বিশ্বকাপে খেলতেন। কারণ তাঁর পরবর্তী লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপ। কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সুযোগ পাননি। পর্তুগালের কোচ জানান, তাঁর স্মৃতি গোটা দলকে অনুপ্রাণিত করে।

রবার্তো মার্টিনেজ বলেন, 'আমার মনে হয়, আমাদের দিয়েগো জোটাকে সম্মান জানানো উচিত। বিশ্বকাপের জন্য যখন এই দল যাত্রা শুরু করেছিল, তখন জোটা ছিল। নেশন্স লিগ জয়ী দলেও ছিল। ও আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ওর জন্য বিশ্বকাপ জিততে চাই।' নকআউটে পর্তুগালের যাত্রা মসৃণ ছিল না। ডিআর কঙ্গোর কাছে আটকে যাওয়ার পর, উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে আবার ড্র। এই বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন জোটা। কিন্তু স্বপ্নপূরণ হয়নি। প্রয়াত সতীর্থকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে বিশ্বকাপের পরবর্তী পর্বে পৌঁছতে চায় পর্তুগাল। জয় দিয়ে জোটার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে চান রোনাল্ডো সহ গোটা পর্তুগাল দল।