আজকাল ওয়েবডেস্ক:‌ কোহলির টেস্ট কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছে। বর্ডার গাভাসকার ট্রফিতে একেবারেই ছন্দে ছিলেন না বিরাট। সিরিজে অবদান মাত্র ১৯০ রান। পারথে দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া আর রানই নেই ব্যাটে। গড় মাত্র ২৪। 


অস্ট্রেলিয়ায় অফস্টাম্পের বাইরের বলে বারবার সমস্যায় পড়েছেন ও আউট হয়েছেন বিরাট। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিন খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। এটা ঘটনা, টি২০ বিশ্বকাপ ফাইনালের পর বিরাটের ব্যাটে সে অর্থে রান নেই। তাই অবসরের জল্পনা বহুদূর গড়িয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, বিরাটের এখনও ক্রিকেটকে অনেককিছু দেওয়ার আছে।


পন্টিংয়ের কথায়, তিনিও কেরিয়ারের শেষের দিকে এই সমস্যায় পড়েছিলেন। শেষ পাঁচ বছরে তাঁর ব্যাটিং গড় ৫১.‌৮৫ থেকে ৩৯.‌৪৮ হয়ে গিয়েছিল। তিনি জানান, ‘‌এই চ্যালেঞ্জটা আমাকেও নিতে হয়েছে। এখন বিরাটকে নিতে হচ্ছে। বিরাট চেষ্টা করছে। কিন্তু কাজটা কঠিন হয়ে যাচ্ছে। ব্যাটিংয়ে আপনি যতটা পরিশ্রম করবেন আপনার সাফল্য তত কমবে।’‌ পন্টিং আরও যোগ করেছেন, ‘‌যখন নিজে এই পরিস্থিতিতে পড়েছিলাম। তখন রান করার চেষ্টা করতাম না। লক্ষ্য থাকত আউট যেন না হই। এই পরিকল্পনা কাজে দিয়েছিল। দল যেভাবে চাইত সেভাবেই খেলার চেষ্টা করতাম।’‌ আর তাই বিরাটের জন্য পন্টিংয়ের পরামর্শ, ‘‌নিজের স্বাভাবিক খেলাটাই খেলো। আমিও ওই সময় মারার বল পেলে মেরেছি। বাউন্সার ডাক করেছি। অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দিয়েছি। বিরাট কিন্তু যে বলে আউট হয়েছে সেগুলো খেলতে চায়নি। কিন্তু ওই যে মেন্টাল ব্লক। এটাই সমস্যা তৈরি করে দিচ্ছে।’‌ 


দলে কোহলির এখনও যে গুরুত্ব রয়েছে তা বোঝাতে গিয়ে পন্টিং বলেছেন, ‘‌ড্রেসিংরুমে বিরাটের উপস্থিতিই একটা মাত্রা যোগ করে। তরুণদের গাইড করে।’‌