আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দিয়েছেন টি-২০ বিশ্বকাপের নায়ক। রাজস্থান রয়্যালস থেকে ধোনিদের দলে যোগ দেন সঞ্জু স্যামসন। তাঁকে পেতে রবীন্দ্র জাদেজা এবং স্যাম করনকে ছেড়ে দেয় চেন্নাই। আইপিএলের ১৯তম সংস্করণে হলুদ জার্সিতে খেলতে তৈরি হচ্ছেন সঞ্জু। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সিএসকে। সেখানে এমএস ধোনির সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা যায় সঞ্জুকে। পাঁচবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেন ক্যাপ্টেন কুল। অধিনায়কত্ব থেকে সরে গেলেও গতবছর মাঝপথে চোট পেয়ে ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় আবার সিএসকেকে নেতৃত্ব দেন ধোনি। এবার দেশের অন্যতম সেরা অধিনায়কের সঙ্গে খেলার জন্য মুখিয়ে কেরলের উইকেটকিপার ব্যাটার।
সঞ্জু বলেন, 'আমি ফোনে মাহি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। সামনাসামনিও বলেছি। তবে ওর সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা দারুণ হবে। আমি এটাকে ওর থেকে অনেক কিছু শেখার সুযোগ হিসেবে দেখতে চাই। আমি সিএসকের হয়ে খেলার জন্য উদগ্রীব। আমি মানুষের থেকে যে ভালবাসা পাচ্ছি, তার জন্য আমি কৃতজ্ঞ।' সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই নিজের পুরোনো দল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবেন সঞ্জু। ৩০ মার্চ গুয়াহাটির বর্শাপারা স্টেডিয়ামে ম্যাচ হবে।
আইপিএলে শুধুমাত্র রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। তাঁদের বিরুদ্ধে খেলেননি। এবার প্রথম। তবে আবেগ দিয়ে চালিত হতে চান না। সঞ্জু বলেন, 'এই প্রথমবার আমি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলব। তবে আমি আবেগের দ্বারা চালিত হব না। আমি রাজস্থান রয়্যালস ছেড়েছি কারণ মনে হয়েছে সেখানে আমার সময় শেষ হয়ে গিয়েছে। ওদের বিরুদ্ধে ম্যাচেও আমি নিজের সেরা ক্রিকেট খেলব।' সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে সিরিজ সেরা হওয়ায় আত্মবিশ্বাসে ফুটছেন সঞ্জু। শেষ তিন ম্যাচে অর্ধশতরান। অল্পের জন্য শতরান হাতছাড়া। সঞ্জু জানান, বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় এতটা আত্মবিশ্বাসী ছিলেন না। সঞ্জু বলেন, 'বিশ্বকাপ খেলতে বাড়ি ছাড়ার সময় আমার আত্মবিশ্বাস ছিল না। কিন্তু ইউনিভার্সের অন্য পরিকল্পনা ছিল। আমি ভাল খেলেছি। তার প্রমাণও পেয়েছি।' হলুদ জার্সিতে ধোনির পাশে হাতেখড়ির অপেক্ষায় বিশ্বকাপের সেরা।
