আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড ক্রিকেটে কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। অ্যাশেজে হার। টি–২০ বিশ্বকাপ সেমিফাইনালে হার। তারপরেও কোচের ভূমিকায় রয়েছেন ম্যাকালাম।
এদিকে, শোনা যাচ্ছে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারের পর নাকি ম্যাকালাম–স্টোকস ঝামেলা লেগে গিয়েছিল। এখন নাকি আবার সব ঠিকই আছে। প্রসঙ্গত, স্টোকস এখন আর সাদা বলের ক্রিকেট খেলেন না। খেলেন শুধু লাল বলের ক্রিকেট।
জানা গিয়েছে, অ্যাশেজ সিরিজের পর নাকি একটি রিভিউ বৈঠক হয়েছিল। সেখানেই নাকি জানা গিয়েছিল কোচ ও অধিনায়ক পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল নন। দু’জনে নাকি সিরিজ চলাকালীন সেভাবে কথাও বলেননি। স্টোকসের দাবি ছিল, বাজবল কীভাবে আটকাতে হবে তা ধরে ফেলেছে বিপক্ষ দলগুলি। সেই দৃষ্টিভঙ্গি এবার বদলাতে হবে। ম্যাকালাম আবার অভিযোগ করেছিলেন, স্টোকসের নেতৃত্বে কোনও ধারাবাহিকতা নেই। তিনি কোচের দর্শন মেনে চলেন না।
ওই রিভিউ বৈঠকে ম্যাকালাম বলেছিলেন, অ্যাশেজের মাঝে অধিনায়কের ভুল বার্তা পেয়ে দলের ক্রিকেটাররা আরও বেশি সমস্যায় পড়ে গিয়েছিলেন। নিজেদের কাজটা নাকি ক্রিকেটাররা বুঝতেই পারেননি। এই কারণেই সিরিজ হারতে হয়েছে। ক্রিকেটারদের থেকে সেরাটা পাওয়া যায়নি। স্টোকসের আবার অভিযোগ ছিল, ক্রিকেটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নাকি ছোট করে দেখার চেষ্টা করেন ম্যাকালাম।
যদিও এখন নাকি সব ঠিকঠাক আছে। অ্যাশেজের পর প্রকাশ্যে এসেছিল হ্যারি ব্রুকের মদ্যপান এবং বারে গিয়ে মারামারির ঘটনা। সেই ঘটনা যেভাবে ম্যাকালাম সামলেছেন তার প্রশংসা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি, ম্যাকালাম দলে গঠনগত পরিবর্তন আনতেও রাজি হয়েছেন। ইসিবির নজরদারিতেও তাঁর আপত্তি নেই। পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নের কাজ বাড়ানো হয়েছে। সাপোর্ট স্টাফ বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেসের দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে।
যদিও তারপরেও সাফল্য আসছে না। যার প্রমাণ দারুণ শুরু করেও টি–২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে ছিটকে যাওয়া।
