আজকাল ওয়েবডেস্ক: যশ দয়াল। আরসিবির আইপিএল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু শুক্রবার দলের অনুশীলনে দেখা যায়নি দয়ালকে।
এটা ঘটনা, পেসার দয়ালের বিরুদ্ধে উঠেছিল মারাত্মক অভিযোগ। এক নাবালিকাকে শারীরিক হেনস্থার অভিযোগ ছিল। এর পাশাপাশি আরও এক মহিলাও দয়ালের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছিলেন। দুই অভিযোগ নিয়ে উত্তরপ্রদেশের পেসার রীতিমতো চাপে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ২০২৬ সালের আরসিবির টিম বাসের একটি ছবি প্রকাশ্যে এসেছে। যে ছবিত সবাই থাকলেও নেই শুধু দয়াল। প্রসঙ্গত, ২০২৫ আইপিএলে দয়াল ১৩ উইকেট নিয়েছিলেন।
এই অবস্থায় দয়ালকে অনুশীলনে অনুপস্থিত দেখে ফ্যানদের অনেকেই বলাবলি করছেন, আইনি জটে জড়িয়ে পড়ায় সম্ভবত দয়ালকে ছেড়ে দিয়েছে আরসিবি। এই বিষয়ে আরসিবি ফ্রাঞ্চাইজি অবশ্য মুখ খোলেনি। গত নভেম্বরে দয়ালকে রিটেনও করেছিল আরসিবি।
প্রসঙ্গত, গত মাসেই বিয়ে করেছেন দয়াল। তাঁর স্ত্রী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। স্ত্রী তাঁর স্বামী দয়ালের অনুশীলনের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কিন্তু দয়াল চিন্নাস্বামীতে শুক্রবার অনুশীলনে না থাকায় জল্পনা বহুগুণ বেড়েছে।
এদিকে, সাতদিন পর আইপিএল যাত্রা শুরু করবে বিরাট কোহলিরা। তার আগে বোলিং নিয়ে চিন্তায় থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না জস হ্যাজলউডকে। যশ দয়ালকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যার ফলে ভুবনেশ্বর কুমারের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে আরসিবির বোলিং। তার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছেন ভুবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দুর্ধর্ষ ইয়র্কারে কোহলিকে বোল্ড করতে দেখা যায় তারকা পেসারকে। বিরাটের লেগ স্ট্যাম্পকে লক্ষ্য করে বল করেন। যার ফলে ভারসাম্য হারিয়ে ফেলেন কোহলি।
আগের বছর আরসিবির জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে দু’জনের। সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করেন কোহলি। ১৫ ইনিংসে ৬৫৭ রান করেন। অন্যদিকে ১৪ ম্যাচে ১৭ উইকেট নেন ভুবনেশ্বর। আইপিএলের মেগা নিলামে ১০.৭৫ কোটি দিয়ে তাঁকে কেনে বেঙ্গালুরু। এবার তরুণ পেসারদের মেন্টরের ভূমিকা পালন করতে হবে ভুবিকে। তরুণ পেসারদের মধ্যে রয়েছেন রাসিক সালাম দর, মঙ্গেশ যাদব।
