আজকাল ওয়েবডেস্ক: সদ্য আইসিসি হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সম্পর্কে বলতে গিয়ে এক অদ্ভুত তুলনা টানলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি ফের একবার প্রমাণ করে দিলেন, শুধু ধারাভাষ্যেই নন, রসবোধেও সমান পারদর্শী। সম্প্রতি আইসিসি হল অফ ফেমে মহেন্দ্র সিং ধোনির অন্তর্ভুক্তি উপলক্ষে এক অনুষ্ঠানে শাস্ত্রী ধোনির উইকেটকিপিং দক্ষতার প্রশংসা করে এক হাস্যকর তুলনা টেনে বলেন, ‘ওর হাত একজন পকেটমারের থেকেও দ্রুত’।
শাস্ত্রী বলেন, ‘ভারতে যদি আপনি কোনও বড় ম্যাচে যান, বিশেষ করে আহমেদাবাদে, এবং আপনার পিছনে যদি ধোনি থাকে, তাহলে সাবধান! পকেট থেকে ওয়ালেট হাপিস হয়ে যেতে পারে’! ধোনির স্টাম্পিং দক্ষতা নিয়ে বহুদিন ধরেই চর্চা চলে আসছে। নিজের কেরিয়ারে বহুবার চোখ ধাঁধানো স্টাম্পিং করেছেন তিনি, যার ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মাঝেমধ্যেই। শুধু তাই নয়, শাস্ত্রী আরও বলেন, ‘ধোনি শূন্য রান করুক বা বিশ্বকাপ জিতুক, শতরান করুক বা দ্বিশতরান – মানুষের প্রতিক্রিয়ায় কোনও পার্থক্য হয় না। ওর জন্য ভালোবাসা সর্বত্র এক’। ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ধোনি হলেন একাদশতম ভারতীয় ক্রিকেটার, যিনি এই সম্মানে ভূষিত হলেন।
৯ জুন, তাঁর ৪৪তম জন্মদিনের ঠিক এক মাস আগেই আইসিসি এই ঘোষণা করে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় পাঁচ বছর পর এই ঘোষণা করা হল আইসিসির তরফে। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচের পর তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি। অবশেষে ২০২০ সালের ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে, তিনি তাঁর অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। রাঁচির ভূমিপুত্র বিশ্বজুড়ে ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত। ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
