আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বরুণ চক্রবর্তী। কিন্তু আসন্ন আইপিএলে কেকেআর-কে সাফল্য পেতে হলে বরুণ চক্রবর্তীকে জ্বলে উঠতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস এ কথাই বলেছেন আইপিএল শুরুর আগে। 

অবসর গ্রহণের আগে ফ্যাফ ডু প্লেসিস চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন। সেই প্রোটিয়া তারকা বরুণের সঙ্গে সঙ্গে সুনীল নারিনকে গুরুত্ব দিচ্ছেন যথেষ্ট। তাঁর মত, এই দুই রহস্য স্পিনারের কথা ভেবেই ইডেনের পিচ তৈরি করা উচিত। 

ডু প্লেসিস বলছেন, ''আমি যদি কেকেআর ম্যানেজমেন্টের অংশ হতাম, তাহলে গ্রাউন্ডসম্যানকে স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করার কথা বলতাম। কেকেআরের রয়েছে দুটো কামান-সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী।'' 

ফ্যাফ ডু প্লেসিস আরও বলেন, ''এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা দুই বোলার কেকেআর দলে। বরুণ ও সুনীলকে একইসঙ্গে খেলানো  উচিত। কিন্তু অন্য কোনও পিচে খেলানো হলে হাতের দুই কামানের সুবিধা নিতে পারবে না কেকেআর।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ চক্রবর্তী ১৪টি উইকেট নেন। গতবার নাইটরা ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছিল। এবারের আইপিএলে কেকেআর-এর প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেটি অ্যাওয়ে ম্যাচ। 

এবারের নাইট-ব্রিগেডে ২৫.২০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে ক্যামেরন গ্রিনকে। তাঁকে নিয়ে অনেক আশা-আকাঙ্খা নাইট শিবিরে। ডু প্লেসিস বলছেন, ''গ্রিন অত্যন্ত প্রতিভাধর ক্রিকেটার। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসেবে কেকেআর হয়তো ব্যবহার করবে ক্যামেরন গ্রিনকে।'' 

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার বলছেন, ''গ্রিন ৬ ফুট লম্বা, দীর্ঘ ক্রিকেটার। ভাল বল করে, বাউন্সার-ইয়র্কার রয়েছে হাতে। স্টেডিয়ামের বাইরে খুব সহজেই বল পাঠিয়ে দিতে পারে। পুরোদস্তুর ব্যাটার। সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ গ্রিন। কেকেআর দলে ভারসাম্য বজায় রাখবে এই গ্রিন।''