আজকাল ওয়েবডেস্ক:‌ নতুন ভূমিকায় লোকেশ রাহুল। তাঁর ভূমিকা বদলাচ্ছে। গতবার আইপিএলে শুরুতে দিল্লি ক্যাপিটালসের ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল রাহুলকে। কিন্তু পরে আবার তাঁকে ওপেনিংয়ে নামানো হয়। কিন্তু এবার শুরু থেকেই রাহুলকে ওপেন করানোর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। 


গতবার ১৩ ম্যাচে ৫৩৯ রান করেছিলেন রাহুল। শোনা যাচ্ছে, এবার রাহুল ওপেনিংয়ের পাশাপাশি উইকেটের পিছনেও থাকবেন।


২০২৫ আইপিএলে শুরুতে দিল্লির হয়ে ওপেন করতে দেখা গিয়েছিল জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও ফাফ ডু’প্লেসিকে। কিন্তু ম্যাকগার্ক ফর্মে না থাকায় তাঁকে পুরো মরশুম খেলানো যায়নি। পরে অভিষেক পোড়েলকে ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছিল। তিনি ভাল খেলেওছিলেন। শেষ দিকে আবার রাহুলকে ওপেনিংয়ে ফিরিয়ে আনা হয়েছিল।


প্রসঙ্গত, ২০২৫ আইপিএলে ১১ খানা ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রাহুল। সফলও হয়েছিলেন। পুরনো দল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লিকে জিতিয়েওছিলেন। কিন্তু ওপেনিংয়ে ফেরার পর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৬৫ বলে ১১২ রান করেন তিনি। তার পর থেকে ওপেনার হিসাবেই খেলেছেন রাহুল। গত মরশুমে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.৭২। 


জানা গিয়েছে, ২০২৬ আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালস একাধিক প্রস্তুতি শিবির করেছে। সেই শিবিরে হেড কোচ হেমাঙ্গ বাদানি ও ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও হাজির ছিলেন। সেই শিবিরেই বোঝা গিয়েছে, রাহুলকে এবার ওপেনার হিসেবে খেলানোর চিন্তাভাবনা করছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।


এবার অবশ্য দিল্লি দলে নেই ম্যাকগার্ক ও ডু’প্লেসি। দুই ক্রিকেটারকেই ছেড়ে দেওয়া হয়েছে। বিদেশি ওপেনার হিসাবে ইংল্যান্ডের বেন ডাকেট রয়েছেন। তবে তাঁর ওপেনিংয়ে খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে অভিষেক পোড়েলের সঙ্গে ওপেনিংয়ে আসতে পারেন রাহুল।