আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব তিনি পেলেন কীভাবে?
সূর্য নিজেই জানালেন খবরের ভিতরের খবর। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অব্যবহিত পরেই রোহিত শর্মা সরে যান কনিষ্ঠ ফরম্যাট থেকে। হিটম্যান সরে যাওয়ায় হার্দিক পাণ্ডিয়াই ছিলেন ফ্রন্টরানার। ২০২২-২৩ মরশুমে হার্দিক পাণ্ডিয়ার নেতা হিসেবে রেকর্ড দারুণ ছিল।
কিন্তু নির্বাচকরা আকস্মিক ভাবেই সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন ঘোষণা করেন।
সূর্য নিজে বলেছেন, শ্রীলঙ্কা সফরের ৩-৪ দিন আগে জয় শাহ তাঁকে নেতৃত্বের বিষয়ে জানান।
একক ভাবে কারও সিদ্ধান্ত ছিল না এটা। রোহিত শর্মা, হেডকোচ রাহুল দ্রাবিড় ও মুখ্য নির্বাচক অজিত আগরকরের সম্মিলিত সিদ্ধান্ত এটা ছিল। গৌতম গম্ভীর তখনও জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেননি। সূর্যকে ক্যাপ্টেন করার পিছনে গম্ভীরের ভূমিকা ছিল না।
নেতৃত্বের ব্যাটন সূর্যকুমারের হাতে ওঠায় সবথেকে বেশি প্রভাবিত হন হার্দিক পাণ্ডিয়া। তিনি যে কেবলমাত্র নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গিয়েছেন তা নয়, ভাইস ক্যাপ্টেন্সিও তাঁর হাত থেকে সরে যায়। যা পরবর্তীকালে অক্ষর প্যাটেলের হাতে ওঠে।
নেতা সূর্যকুমার যাদব ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। সূর্যর নেতৃত্বে ভারত ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে। তার মধ্যে ৪২টিতে জেতে ভারত। হার মানে ৮টিতে। ২ টো ম্যাচের ফলাফল হয়নি। নেতৃত্ব যে ঠিক লোকের হাতে তুলে দেওয়া হয়েছে, তা প্রমাণিত হয়।
