আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আবার ভারতের কাছে হার পাকিস্তানের। কেন বারবার এমন হচ্ছে? তার অন্তর্তদন্তে নামলেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে করছেন, ভারতের বিরুদ্ধে মানসিকভাবে আটকে পড়ছে পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে ৬১ রানে হার। দাঁড়াতেই পারেনি সলমন আঘারা।‌ শোয়েব মনে করেন, ভারতের বিরুদ্ধে নামলেই কোথাও একটা আটকে যায় পাকিস্তান। তবে পাশাপাশি জানিয়ে রাখলেন, এই পাকিস্তান দলের বিশ্বের যেকোন‌ও দলকে হারানোর ক্ষমতা রয়েছে। শোয়েব বলেন, 'দুর্ভাগ্যবশত আমরা বারবার ভারতের কাছে হারি কারণ আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। মানসিকভাবে আটকে যাই। অন্য কোনও কারণ নেই। আমাদের দল নির্বাচন সঠিক নয়। আমরা কী করছি সেটাই জানি না। তাছাড়া আমরা এই মুহূর্তে বিশ্বের যেকোনও দলকে হারানোর ক্ষমতা রাখি।' 

শনিবার কলম্বোয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে নামার কথা ছিল পাকিস্তানের। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। একটি বলও হয়নি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সলমন আঘা। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়নি। মাঠে জল জমে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে আম্পায়াররা। কিন্তু বৃষ্টির তেজ না কমায় শেষপর্যন্ত খেলা বাতিল হয়ে যায়। ম্যাচের রেজাল্ট হতে অন্তত দুই দলকে পাঁচ ওভার করে খেলতেই হত। সংক্ষিপ্ত ম্যাচের জন্য কাট অফ টাইম রাত ১১.১০ মিনিট ছিল। কিন্তু খেলা শুরু করাই যায়নি। সুপার এইটে কোনও রিজার্ভ দিন নেই। শুধুমাত্র সেমিফাইনাল এবং ফাইনালে আছে। বৃষ্টির জন্য দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। 

আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। ম্যাচ পরিত্যক্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল। বৃষ্টির জন্য শুক্রবার প্র্যাকটিস বাতিল করতে বাধ্য হয় পাকিস্তান। শনিবার সকাল থেকেই অশনি সঙ্কেত দেখা যায়। খেলা পণ্ডু হওয়ার আভাস মেলে। পয়েন্ট ভাগাভাগি হওয়ার ফলে দুই দলের সামনে সেমিফাইনালের রাস্তা কঠিন হল। গ্রুপে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাও রয়েছে। সুতরাং, কঠিন লড়াই হবে। আগের ম্যাচের থেকে দলে একটি পরিবর্তন হয়। দলে ফেরেন ফকর জমান। নিউজিল্যান্ড দলে তিনটে পরিবর্তন হয়। দলে ফেরেন মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন এবং ইশ সোধী। কিন্তু এদিন খেলা শুরুই হয়নি। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচ পাকিস্তানের। বুধবার নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।