আজকাল ওয়েবডেস্ক: ৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল খেলার কথা ভারতের। কিন্তু ভেন্যু বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে নাও খেলার সুযোগ পেতে পারে টিম ইন্ডিয়া। সূচি অনুযায়ী, সুপার এইট থেকে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলে মুম্বইয়ে খেলার কথা সূর্যকুমার যাদবদের। তবে সেটা একটি শর্তেই বদলাতে পারে। যদি সুপার এইটের ফলাফল অনুযায়ী ভারত-পাকিস্তান সেমিফাইনাল হয়, সেক্ষেত্রে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ হবে। যদি সুপার এইটে নিজেদের গ্রুপে একনম্বরে শেষ করে ভারত, এবং নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে পাকিস্তান, বা বিপরীত, তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
এমন পরিস্থিতি হলে ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে না ভারত। পরিবর্তে ৪ মার্চ কলম্বোয় প্রথম সেমিফাইনাল খেলবে। সেক্ষেত্রে হোলির দিন খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আগে একটি বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, 'ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে, সেই ম্যাচ কলম্বোতে হবে। সেমিফাইনালে ভারতের মুখোমুখি অন্য কোনও দল হলে সেই সেমিফাইনাল মুম্বইয়ে হবে।' শেষ চারে ভারত-পাকিস্তান মুখোমুখি না হলেও, বাবর আজমরা উঠলে সেমিফাইনালের ভেন্যু বদলে যাবে। সেক্ষেত্রে কলকাতার ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরে যাবে কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে। দুই বোর্ডের মধ্যে হাইব্রিড মডেলের চুক্তিতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা। ২০২৭ পর্যন্ত এই চুক্তি থাকবে। এদিকে বিশ্বকাপের যুগ্ম আয়োজক হওয়া সত্ত্বেও, সেমিফাইনালে উঠলে ভারতে খেলতে আসতে হবে শ্রীলঙ্কাকে। প্রসঙ্গত, গ্রুপ পর্বে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। শেষ চারে মুখোমুখি হলে বদলা নেওয়ার সম্ভাবনা থাকবে সলমন আঘাদের।
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে নতুন রেকর্ড সৃষ্টি হয়। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬৩ মিলিয়ন মানুষ এই ম্যাচ দেখেছে। আইসিসি টি-২০ বিশ্বকাপের ডিজিটাল সত্ব রয়েছে জিও স্টারের কাছে। এই তথ্য তাঁরাই প্রকাশিত করে। আইসিসি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যা রেকর্ড। এর আগে এত লোক একসঙ্গে ডিজিটাল মিডিয়ায় খেলা দেখেনি। এই সংখ্যা ছড়িয়ে গিয়েছে ২০২৪ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালকেও। বিশ্বকাপের ম্যাচে যা প্রথম। ভারতের দাপুটে পারফরমেন্সের জেরে দর্শক সংখ্যা ৫৬ শতাংশ বেড়ে যায়। মোট ২০ মিলিয়ন মিনিট ওয়াচ টাইম। আশা করা যাচ্ছে, সেমিফাইনালে আবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে, সেই সংখ্যাও ছাপিয়ে যেতে পারে।
