আজকাল ওয়েবডেস্ক: টানা তিন ম্যাচে শূন্য। পাকিস্তান থেকে ভেসে আসছে কটাক্ষ আর কটাক্ষ। যদিও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব মনে করছেন, অভিষেকের ব্যাটে বড় রান আসা কেবল সময়ের অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান অবশ্য মনে করছেন, অভিষেকের ব্যর্থতার পিছনে রয়েছে শট নির্বাচন এবং পন্থায়। পাঠান বলছেন, ''অভিষেক শর্মা অফ স্পিনারের বলে আউট হয়ে যাচ্ছে। পাকিস্তান ও নেদারল্যান্ডসের অফস্পিনারদের বলে আউট হয়েছে অভিষেক। ওর শট নির্বাচনে গন্ডগোল রয়েছে।'' 
অভিষেক শর্মা খেলার একেবারে শুরু থেকেই আক্রমণের রাস্তা নিচ্ছেন। ক্রিজে সেট হচ্ছেন না তিনি। পাঠান ব্যাখ্যা করে বলছেন, ''হাই অ্যাঙ্গল থেকে ওর ব্যাট নেমে আসছে। সোজা মারার চেষ্টা করছে না। অ্যাক্রস দ্য উইকেট মারতে যাচ্ছে। যা ওর বিপদ ডেকে আনছে। জায়গা বার করার জন্য ফ্রন্ট ফুট সরিয়ে আনছে। বোলাররা ওকে সময় দিচ্ছে না। ড্রাইভ করার বল দিচ্ছে না।'' 

পাকিস্তানের প্রাক্তন বোলার মহম্মদ আমির তাঁকে স্লগার বলে অসম্মান করে চলেছেন। এর মধ্য়েই ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন তিনি। বলছেন, এই ভারত সেমিফাইনালে পৌঁছতে পারবে না। এই আবহেই ভারত আজ সুপার এইটে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অভিষেকের লড়াই কেবল দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে নয়, তাঁর লড়াই বুঝি নিজের বিরুদ্ধেও।