আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা ম্যাচে তিনি রক্ষাকর্তা হিসেবে ধরা দিয়েছিলেন। সেই সূর্যকুমার যাদব এবার তিলক ভার্মার পাশে এসে দাঁড়ালেন। 

তিলক ভার্মার স্ট্রাইক রেট ছিল ১৪১-এর উপরে। এই টুর্নামেন্টে তাঁর স্ট্রাইকা রেট ১২০-র নীচে চলে আসে। স্লো বোলারদের বিরুদ্ধে খেলতে সমস্যা হয়েছে তিলকের। যেখানে বল পড়ে ধীরে আসছে, সেরকম পিচে তিলকের ব্যাটও সেভাবে কথা বলেনি। চারটি ম্যাচে ১১টি বাউন্ডারি মেরেছেন তিলক। আর তিনটি ছক্কা। সেট হয়ে যাওয়ার পরেও  রানের গতি বাড়াতে পারেননি। 

তিলকের পাশে এসে দাঁড়াচ্ছেন সূর্য, ''টিম ম্যানেজমেন্ট তিলককে এভাবেই ব্যাট করতে বলেছে। এক উইকেট চলে গেলে ও ব্যাট করতে নেমে নিজের সহজাত খেলা খেলবে। কিন্তু দুই উইকেট চলে গেলে দশম ওভার পর্যন্ত ধীরস্থির হয়ে খেলতে হয়। তার পরে আমাদের অনেক ব্যাটার রয়েছে, যারা ঝড় তুলতে পারে।'' 

তবে তিলকের কাছ থেকে আরও ভারল পারফরম্যান্স আসা করছেন স্বয়ং অধিনায়ক। সূর্য বলছেন, ''আমার মনে হয় তিলক নিজের পারফরম্যান্সে খুশি নয়। যেভাবে ও ব্যাট করছে তা ওকে খুশি করতে পারেনি বলেই মনে হয়। গত ২-৩টি প্র্যাকটিস সেশনে তিলক আরও বেশি করে অনুশীলন করেছে। তবে ওকে নিয়ে আমার মধ্যে কোনও চিন্তা নেই। তিন নম্বরে নেমে পারফর্ম করছে আশা রাখব আরও ভাল পারফরম্যান্স ও তুলে ধরবে।'' 

এদিকে ওযাঘার ওপার থেকে মহম্মদ আমির সব ছেড়ে ভারতকে নিয়ে পড়লেন। সূর্যকুমার যাদবের দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতেই পারবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।