আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে আমেরিকাকে উড়িয়ে দিয়ে রাজধানী যাচ্ছে ভারত। শনিবার ঘাম ঝরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে নিল সূর্যকুমার যাদবের দল। যেভাবে শুরুটা করতে চেয়েছিল ভারত, শুরুটা সেভাবে হল না। ভারতের রথী-মহারথী ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। ব্যাটারদের ব্যর্থতার দিনে আলো ছড়িয়ে গেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিলেন একা সূর্যকুমার যাদব। ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস তিনি না খেললে দিনান্তে ওয়াংখেড়েতে সূর্যোদয়ের দেখা মিলত কিনা বলা মুস্কিল। ভারতের ৯ উইকেটে ১৬১ রান তাড়া করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র থেমে গেল ১৩২ রানে।
এই ম্যাচ সূর্যকুমার যাদব অ্যান্ড কোং-য়ের ঘুম ভাঙাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বোলাররা বিশ্বচ্যাম্পিয়ন দলের ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করেছেন। পরের ম্যাচগুলোয় নিশ্চয় ঈশান কিশান, অভিষেক শর্মারা প্রায়শ্চিত্ত করবেন।
অধিনায়ক সূর্যের অমৃত কুম্ভে পূণ্যস্নান করে গেলেন অর্শদীপ-অক্ষর-সিরাজরা। বোলারদের লড়াইয়ের মঞ্চ দিয়েছিলেন অধিনায়ক স্বয়ং। ভারতীয় বোলাররা নিরাশ করেননি।
ভারতের রান তাড়া করতে নামা আমেরিকাকে শুরুতে ধাক্কা দেন সিরাজ। ওপেনার আন্দ্রিয়েস গাউসকে ফেরান হায়দরাবাদি পেসার। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের শিকার। ২ উইকেটে ১১ হয়ে যায় আমেরিকা। সিরাজ ফের আঘাত হানেন। এবার আর এক ওপেনার সাইতেজাকে (২) ডাগ আউটে ফেরান সিরাজ।
তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আমেরিকা। এই সময়ে মিলিন্দ কুমার ও সঞ্জয় কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।
কিন্তু অক্ষর প্যাটেল এসে আবার আমেরিকাকে পথভ্রষ্ট করেন। পর পর দু'বলে ভারতের তারকা স্পিনার তুলে নেন সঞ্জয় (৩৭) ও হরমিত সিংকে (০)।
ম্যাচ জিতে ওয়াংখেড়েতে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। এবার দিল্লিতে ভারতের মুখোমুখি নামিবিয়া। আফ্রিকার দল নামিবিয়া বিশ্বক্রিকেটে লিলিপুট। ভারতকে কি আদৌ বেগ দিতে পারবে তারা? সময় এর উত্তর দেবে। তবে এদিন ম্যাচ জেতার পরে গৌতম গম্ভীর যদি ব্যাটারদের ক্লাস নেন, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
মুম্বই নগরীতে যখন মনে হচ্ছিল অকালেই রাত নেমে আসছে, ঠিক তখনই সূর্যকুমার যাদবের ব্যাট গর্জে উঠল। অন্ধকার সরিয়ে তাঁর ব্যাট এনে দিল আলোর রোশনাই।
মুম্বই নগরী ফিরে আসতে জানে। জানে ঘুরে দাঁড়াতে। সূর্যকুমার যাদবও মুম্বইয়ের ছেলে। একসময়ে তাঁকে নিয়ে সংশয়-সন্দেহ দানা বেঁধেছিল। কিন্তু মোক্ষম সময়ে সূর্যকুমার যাদব দেখালেন, তিনিই আসল বস। চার-ছক্কায় ওয়াংখেড়ে মাতালেন তিনি। শেষ ওভারে ২১ রান নিলেন সূর্য। ভারতের সাজঘরে এনে দিলেন স্বস্তি। অধিনায়ককে নিশ্চিন্ত করে গেলেন তাঁর বোলাররা।
