আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় ক্রিকেটারদের ব্যাট নিয়ে মন্তব্য করে বেজায় সমস্যায় পড়েছেন ভানুকা রাজাপক্ষে। শ্রীলঙ্কান ক্রিকেটারের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। উঠেছে বেআইনি ব্যাট নিয়ে খেলার অভিযোগ। বিতর্কের মাঝে নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেছেন রাজাপক্ষে।


এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার ক্রিকেটার বলেছিলেন, ‘‌আমরা যে ব্যাটে খেলি তার থেকে ভারতীয় ক্রিকেটারদের ব্যাট অনেক উন্নত। ওরা অন্য ব্যাটে খেলে। মনে হয়, ওদের ব্যাটের উপর রবার লাগানো আছে। ভাবা যায় না, এটা কীভাবে সম্ভব। কীভাবে এত সুন্দর ব্যাটে ওরা খেলে। ও রকম ব্যাট বাকি দেশের ক্রিকেটাররা কিনতেই পারবে না।’‌


রাজাপক্ষের এই মন্তব্যের পর শুরু হয় তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকদের একটা অংশ রাজাপক্ষের পাশে দাঁড়ান। তাঁদের দাবি, ভারতীয় ক্রিকেটাররা আইসিসির নিয়ম ভেঙে অন্য ধরনের ব্যাট ব্যবহার করেন। সেই কারণেই এতটা সফল তাঁরা। আইসিসি ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।


পাল্টা ভারতীয় সমর্থকরা দাবি করেন, আইসিসির নিয়মে স্পষ্ট লেখা রয়েছে, কী ধরনের ব্যাট নিয়ে ক্রিকেটাররা খেলতে পারবেন। তার দৈর্ঘ, প্রস্থ নির্দিষ্ট। ব্যাট কতটা মোটা হবে তা–ও ঠিক করা থাকে। সেই নিয়মের বাইরে কোনও ব্যাট নিয়ে খেলা যায় না। ম্যাচের আগে ব্যাট পরীক্ষা করে দেখা হয়। 


বিতর্ক এতটা বাড়াবাড়ি জায়গায় চলে যাওয়ায় ফের মুখ খুলেছেন রাজাপক্ষে। তিনি জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি কোনও অভিযোগ করেননি। রাজাপক্ষে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌একটা বিষয় পরিষ্কার করতে চাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমি যা বলেছি, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাতে বিতর্ক বাড়ছে। তাই এই পোস্ট করতে হচ্ছে।’‌ 


রাজাপক্ষে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়েই ব্যাট নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেটার বলেন, ‘‌আমি ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটারদের প্রশংসা করতেই সেই কথা বলেছিলাম। বোঝাতে চেয়েছিলাম, ওদের পরিকাঠামো কতটা উন্নত। ব্যাট তৈরির কারখানাগুলো বিশ্বের সেরাদের মধ্যে পড়ে। সেই ব্যাটের সেরা ব্যবহার ওরা করে। সম্পূর্ণ সম্মান থেকেই ওই কথা আমি বলেছিলাম। কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি কাউকে অসম্মান করতে চাইনি। ভারতীয় ক্রিকেটকে আমি সম্মান করি।’‌


যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা আইসিসি কোনও মন্তব্য করেনি।