আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান রাজি হয়ে গিয়েছে ভারত ম্যাচ খেলতে। আর এরপরেই সুর বদল করে ফেলল বাংলাদেশ সরকার। প্রথমে তারা জানিয়েছিল ভারতের মাটিতে টি–২০ বিশ্বকাপ খেলবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে বলেছিল, তাদের ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক। আইসিসির সঙ্গে বৈঠকেও সমাধান বেরোয়নি। শেষ অবধি বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপের ম্যাচ হচ্ছে।
এবার সুর বদলে সেই দায় দেশের ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের উপর চাপাল বাংলাদেশ সরকার। গত ২২ জানুয়ারি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘আমরা আশা করছি, আইসিসি আমাদের শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেবে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। আমাদের চিন্তার যথেষ্ট কারণ আছে।’ এই কথাই স্পষ্ট করে দেয় যে, বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সরকার নিয়েছিল।
পরে ক্রিকেট বোর্ডের কর্তা ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন নজরুল। সেই বৈঠকের পর ক্রিকেটারদের সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশ সরকার আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে, ভারতে তারা খেলতে যাবে না। ক্রিকেটারদের কাছে অনুমতি চাওয়া হয়নি।
সেই কথা থেকে সম্পূর্ণ ঘুরে গিয়েছে বাংলাদেশ সরকার। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, সম্প্রতি সাংবাদিকরা নজরুলকে প্রশ্ন করেছিলেন, বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ হচ্ছে কি? জবাবে নজরুল বলেন, ‘আক্ষেপের কোনও প্রশ্নই নেই। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা নিয়েছিল। দেশের ক্রিকেট, সাধারণ মানুষ, দেশের সম্মান রক্ষা করার জন্য স্বার্থত্যাগ করেছে ক্রিকেটাররা।’
আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে কোনও শাস্তি দেওয়া হবে না। আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নজরুল বলেন, ‘আইসিসি বলেছে, বাংলাদেশকে কোনও শাস্তি দেওয়া হবে না। পাশাপাশি কয়েক বছরের মধ্যে একটা আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বও আমাদের দেওয়া হবে। এটা আমাদের কৃতিত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’
নজরুলের এই কথাই স্পষ্ট করছে পুরো বিষয়টির দায় নিতে চাইছে না সরকার। উল্টে বাংলাদেশ ক্রিকেটারের উপর দায় চাপিয়ে দিতে চাইছে।
