আজকাল ওয়েবডেস্ক: ভরা বিশ্বকাপের মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে লেগে গেল ভারতীয় ক্রিকেটারদের।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল বিসিসিআই-এর কাছে, বিশ্বকাপের সময়ে অনুরোধ করা হয়েছিল, ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারকে যেন থাকতে দেওয়া হয়। কিন্তু বোর্ড কিছুতেই তা মানতে রাজি নয়।
একটি সর্বভারতীয় স্তরের খবর অনুযায়ী, বিসিসিআই ক্রিকেটারদের জানিয়েছে, যদি তাঁরা মনস্থ করেন পরিবারকে সঙ্গে নিয়ে থাকবেন বিশ্বকাপের সময়ে, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটাররা যেন আলাদা ব্যবস্থা করে নেন। বিসিসিআই কোনও ব্যবস্থা নেবে না এই ব্যাপারে।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। সেই সময়েও ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারকে থাকতে দেওয়া হয়নি।
আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। ওয়াংখেড়েতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে গোড়ার দিকে ভারতীয় ব্যাটিং ধসে গেলেও অধিনায়ক সূর্যকুমার যাদব একা কুম্ভ রক্ষা করেন।
পরে ভারতীয় বোলারদের আগ্রাসী বোলিংয়ে আমেরিকার ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ভারত জিতলেও প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে গম্ভীরের সাজঘরে। তবে নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় ব্যাটাররা আবার জ্বলে উঠবেন, এমনটাই মনে করা হচ্ছে।
