আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার পাকিস্তান অধিনায়কের। আত্মবিশ্বাস ঝরে পড়ছে সলমন আঘার গলায়। গ্রুপ এ-র ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারানোর পর এমন মন্তব্য করেন পাক অধিনায়ক। দাবি করেন, পাকিস্তান সবার থেকে আলাদা। এটাই তাঁদের বৈশিষ্ট। পাশাপাশি সবচেয়ে বড় শক্তিও। সলমন বলেন, 'আমরা পাকিস্তান। আমরা গোটা বিশ্বের থেকে আলাদা।' সলমন সাধারণত শান্ত স্বভাবের। ম্যাচের পর খোলামেলা মেজাজে পাওয়া যায় তাঁকে। নিজেদের ব্যাটিংয়ের প্রশংসা করেন। বিশেষ করে মাঝের ওভারগুলোতে।
সলমন বলেন, 'আমি সবসময় হাসি। আমাকে কখনও গোমরা মুখে কেউ দেখেনি। আমরা দাপুটে জয় পেয়েছি। আগের ম্যাচে মাঝের ওভারগুলোতে আমরা ভাল ব্যাট করতে পারিনি। কিন্তু এদিন আমরা করেছি। ১৯০ করার পর বুঝে গিয়েছিলাম আমরা এই রান ধরে রাখতে পারব।' টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাক অধিনায়ক জানান, টসে জিতলেও প্রথমে ব্যাট করতেন। কারণ তাঁদের বোলিংয়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে। তাঁর দাবি, আগে ব্যাট করার স্ট্র্যাটেজি তাঁদের ভয়ডরহীন মনোভাব স্পষ্ট করছে। পরিস্থিতি চ্যালেঞ্জ করার জন্য তৈরি পাকিস্তান।
আঘা বলেন, 'আমাদের যা বোলিং, আমরা ১৬০-১৭০ রান করলে জেতার ক্ষমতা রাখি। আমাদের রান তাড়া করতে কোনও সমস্যা নেই। আমাদের ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয়। প্রথম তিনজন নির্দিষ্ট। বাকিটা বদলাতে পারে।' হাবেভাবে পাক অধিনায়ক বুঝিয়ে দেন, প্রয়োজনে ফিনিশারদের প্রমোট করা হতে পারে। যুক্তরাষ্ট্র ম্যাচের দলের পারফরম্যান্সে খুশি হলেও জানান, এখনও উন্নতির অনেক জায়গা আছে। সলমন বলেন, 'সবসময় উন্নতির জায়গা থাকে। আমরা পাওয়ার প্লেতে ভাল বল করতে চাই। কখনও আমরা ভাল বল করেছি। তবে আরও ভাল করার জায়গা আছে।' তিনদিন পরই মহারণ। পাকিস্তান অধিনায়কের বিশ্বাস, তাঁদের আচরণ পার্থক্য গড়ে দিতে পারে।
