আজকাল ওয়েবডেস্ক: পাঁচদিন হল টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে। ওয়াংখেড়েতে দুরন্ত জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া। নিঃসন্দেহে টুর্নামেন্টের ফেভারিট ভারত। সম্প্রচারকারী চ্যানেলের সমস্ত বিশেষজ্ঞ এবং ক্রিকেট পণ্ডিতদের একনম্বর পছন্দ সূর্যকুমার যাদবরা। অন্তত ফাইনালে ভারতকে দেখছে অধিকাংশ। ৯৬ শতাংশ মনে করছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে টিম ইন্ডিয়া। এই তালিকায় রয়েছেন ইরফান পাঠান, পিযুষ চাওলা, অনিল কুম্বলে, বিনয় কুমার, যুজবেন্দ্র চাহাল, সাবা করিম প্রমুখ। জিওস্টারের বিশেষজ্ঞদের মধ্যে ৪৬ জন বিশেষজ্ঞই ভারতকে ফাইনালে দেখছে। শেষ তিনটে আইসিসি টুর্নামেন্ট ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তারমধ্যে রোহিত শর্মার নেতৃত্বে শেষ দুটো টুর্নামেন্ট জেতে।
বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ২০২৩ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটবে। সেবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। বাকি ৩০ শতাংশের ধারণা, এবারও ফাইনাল খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের চার প্রতিযোগীদের মধ্যেও এগিয়ে ভারত। অনেকেই শেষ চারে আফগানিস্তানকে দেখছে। এই তালিকায় আছেন সুনীল গাভাসকর, অ্যারন ফিঞ্চ, অ্যালান উইলকিনস। এরা সবাই রশিদ খানদের শেষ চারে রাখছেন। কিন্তু অধিকাংশ ক্রিকেট পণ্ডিত ভারত ছাড়াও, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের দৌড়ে রাখছে। অনেকেই আবার এই তালিকায় পাকিস্তান এবং শ্রীলঙ্কাকেও রাখছে।
ফেভারিট হিসেবে সরাসরি ভারতকে বেছে নেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার এবং ধারাভাষ্যকার ড্যানি মরিসন। তিনি বলেন, 'ভারতকে নিজেদের ঘরের মাঠে আটকানো কঠিন। এছাড়াও আমি নিউজিল্যান্ডের কথা বলব। কারণ সদ্য ওরা ভারতে খেলেছে। টপ অর্ডার ছন্দে আছে। দলে অনেক বিকল্প। তারপর ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। কারণ এই দুই দলের অনেকেই আইপিএলে খেলে। সুতরাং, পরিবেশ এবং পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে।' ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে নেমেছে ভারত। এখনও পর্যন্ত পরপর বিশ্বকাপ জেতেনি কোনও দল। এবার কি পাশা ঘুরবে?
