আজকাল ওয়েবডেস্ক: তিলক বর্মা চোট সারিয়ে দলে ফিরেছেন। তবে হর্ষিতকে নিয়ে চিন্তা বেড়েছে। এই পেসার সম্ভবত টি–২০ বিশ্বকাপে নেই। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ত শুক্রবারই নেবে টিম ম্যানেজমেন্ট। এই যখন পরিস্থিতি, তখন জানা যাচ্ছে, আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে চিন্তা অনেকটাই কমেছে।
তিলকের মতো ওয়াশিংটনও চোট সমস্যায় ভুগছিলেন। যা খবর, তাতে তাঁরও বিশ্বকাপ খেলা নিয়ে সমস্যা হবে না। তবে তিলকের মতো হয়তো প্রথম ম্যাচ থেকে তিনি খেলতে পারবেন না। ভারতীয় অফস্পিনার–অলরাউন্ডার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন। ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে ট্রেনিং করছেন। সেখানে ব্যাটিং–বোলিং শুরু করে দিয়েছেন ওয়াশিংটন। আর কিছুদিনের মধ্যেই পুরো ফিট হয়ে যাবেন। ফিটনেস সার্টিফিকেটও পেয়ে যাবেন। তারপরই ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন। সেটা খুব সম্ভবত দিল্লি থেকেই। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তাঁকে খেলানো হবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
ওয়াশিংটন প্রসঙ্গে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। ওয়াশিংটন নিয়ে কোনও তাড়াহুড়ো আমরা করছি না। তাই কোনও বিকল্প নেওয়ার প্রশ্নই নেই।’ সূত্রের যা খবর, তাতে গ্রুপ পর্বের শেষ দিক থেকেই ওয়াশিংটন দলে ফিরবেন। কিন্তু যেহেতু তিনি সদ্য চোট থেকে ফিরছেন, তাই কোনও ঝুঁকি নেওয়া হবে না।
এসবের মধ্যে আবার দুঃসংবাদ পেয়েছে ভারতীয় শিবির। শোনা যাচ্ছে, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন হর্ষিত রানা। সেক্ষেত্রে ওয়াশিংটনের দলে ফেরাটা আরও জরুরি। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট আট নম্বরে অলরাউন্ডার খেলানো পছন্দ করে। সেখানে সুন্দর সবচেয়ে ভাল ফিট করবেন।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের তরফে হর্ষিতের বিষয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, ‘হর্ষিতের চোটটা সুবিধার নয়। ও যদি ছিটকে যায়, তাহলে আমাদের জন্য এটা বড় ক্ষতি হবে। আমাদের বিকল্প খুঁজতে হবে। তবে আমাদের দলের রিজার্ভ বেঞ্চও সমান শক্তিশালী।’
আর হর্ষিত ছিটকে গেলে বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। যদিও সূর্য বলেছেন, ‘বিষয়টি দেখতে হবে। যদিও পরিবর্ত হিসেবে অলরাউন্ডারের দরকার আদৌ আছে কিনা দেখতে হবে।’
