আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের ওপর চাপ তৈরি করলেন বাংলার বোলাররা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমির মাঠে টসে জিতে ফিল্ডিং নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে অন্ধ্র ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে। অধিনায়ক রিকি ভুঁই করেন সর্বাধিক ৮৩ রান। কেএস ভরত ৪৭, শাইক রশিদ ৪৬ এবং নীতীশ কুমার রেড্ডি ৩৩ রান করেন। ১৮ ওভারে ৫০ রান দিয়ে তিন উইকেট নেন মুকেশ কুমার। ১৭ ওভারে ৬৪ রানের বিনিময়ে দুই উইকেট দখল করেন আকাশ দীপ। মহম্মদ শামির সংগ্রহ এক উইকেট। ১৭ ওভারে ৩৮ রান দেন।
এদিকে আয়ুষের শতরানে কর্নেল সি কে নাইডু ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে দাপট বাংলার। অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে চালকের আসনে বাংলা। বড়গড়ের বিকাশ গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলার রান ৬ উইকেটে ৩০১। আয়ুষ কুমার সিং ১৫টি চারের সাহায্যে ১৪৮ বলে ১০৭ রান করেন। আনাস ১২৪ বলে ৬৮ করেন, বিশাল ভাটি ৫৬ বলে করেন ৪৪। প্রভাত মৌর্য ৮০ বলে ৩২ রান করেন, সুমিত নাগ ৪০ বলে করেন ২০ রান। চন্দ্রহাস দাশ ২ রানে আউট হন। অধিনায়ক শশাঙ্ক সিং ৬৪ বলে ১৯ ও রবি কুমার ১৮ বলে ১ রানে অপরাজিত আছেন। বাদল নেন তিন উইকেট।
অন্যদিকে মেয়েদের ওয়ান ডে ট্রফি এলিটের ম্যাচে বড় জয় দিয়ে অভিযান শুরু করল বাংলা। আজ ভদোদরার রেলওয়ে মাঠে অরুণাচল প্রদেশকে ৯ উইকেটে হারায় সাইকা ইশাকের নেতৃত্বাধীন দল। টস জিতে বাংলা ফিল্ডিং নেয়। অরুণাচল প্রদেশ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। মৃদুলা শ্রীরাম করেন ২৭। চন্দ্রিমা বিশ্বাস এবং প্রতিভা মাণ্ডি তিনটি করে উইকেট নেন। সাইকা ইশাক ও মিতা পাল নেন ১টি করে উইকেট। জবাবে খেলতে নেমে ১৬.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। ষষ্ঠী মণ্ডল ৫৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ওপেনার ধারা গুজ্জর করেন ৩৮ বলে ৪৩ রান।
