আজকাল ওয়েবডেস্ক: বড়দের বিশ্বকাপ শুরুর আগেই বাজিমাত ছোটদের। হারারেতে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত। ঐতিহাসিক ১০০ রানে জয় আয়ুশ মাত্রেদের। ষষ্ঠবার জুনিয়রদের বিশ্বকাপ জিতল ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বড় রানে জয়ের রেকর্ড। স্বপ্নের জয়ের ভীত গড়ে দেন বৈভব সূর্যবংশী। ৮০ বলে বিধ্বংসী ১৭৫ রানের ইনিংস খেলেন ১৪ বছরের বিস্ময় বালক। ৪১২ রান তাড়া করতে নেমে ৪০.২ ওভারে ৩১১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। বৈভব সূর্যবংশীর দুরন্ত ১৭৫ রানে ভর করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেটে ৪১১ রান করে ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নক আউট ম্যাচে ভারতের এই বিশাল রান সর্বোচ্চ। ২০১৬ সালে নিজেদের রেকর্ড ছাপিয়ে যায়। রান তাড়া করতে নেমে টক্কর দিতে পারেনি ইংল্যান্ড। একটা সময় পর্যন্ত কালেব ফ্যালকোনারের কাঁধে ভর করে লড়াই চালায় থ্রি লায়ন্সরা। ৬৭ বলে ১১৫ রান করেন ইংল্যান্ডের ব্যাটার। কিন্তু পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে তাঁর একার শতরান যথেষ্ট ছিল না। বেন ডকিন্স (৬৬) এবং বেন মায়েস (৪৫) ছাড়া ফ্যালকোনারকে কেউ সাহায্য করতে পারেনি। 

এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ বলে শতরান পূর্ণ করেন বৈভব। বৈভবের এই ইনিংস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৮০ বল খেলে বৈভব করেন ১৭৫ রান। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দল অপরিবর্তিত ছিল। ইংল্যান্ড দলে একটি পরিবর্তন হয়। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। চতুর্থ ওভারেই আউট হন অ্যারন জর্জ। এরপর ইনিংস সামলান বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। দ্বিতীয় উইকেটে তাঁদের ১৪২ রানের জুটি ভারতের ইনিংসকে শক্ত ভীত দেয়। ১৯তম ওভারে ৫৩ রান করে আউট হন মাত্রে। ঝোড়ো ইনিংস খেলতে গিয়ে আরও একটি নজির গড়েছেন বৈভব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে সর্বাধিক ছয় মারার রেকর্ডও এখন তাঁর দখলে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইংল্যান্ড বোলারদের একের পর এক চাপে ফেলেন তিনি। পাল্টা ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি ইংল্যান্ড। শনিবার শুরু টি-২০ বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাত্রা শুরু ভারতের। তার আগে বৈভবদের ঐতিহাসিক জয় নিঃসন্দেহে সূর্যকুমার যাদবদের অনুপ্রেরণা যোগাবে।