আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের দিনক্ষণ নির্ধারিত হওয়ার পর থেকেই যুদ্ধকালীন প্রস্তুতিতে ঘর গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। এবার স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ ইজ্জেজ্জারিকে সই করাল লাল হলুদ। এক বছরের চুক্তি। ২০২৫-২৬ মরশুম ইস্টবেঙ্গল জার্সিতে খেলবেন। ৯ নম্বর জার্সিতে দেখা যাবে তাঁকে। বড় চেহারার ফরোয়ার্ডের এরিয়েল বলে দক্ষতা ভাল। তাঁর সংযোজনে ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং বিভাগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাঠে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে স্প্যানিয়ার্ডের। কলকাতার প্রধানে যোগ দিতে পেরে খুশি ৩২ বছরের ফরোয়ার্ড। ইউসেফ বলেন, 'ইস্টবেঙ্গলে সই করা আমার কাছে বড় পদক্ষেপ। ফ্যানদের ভালবাসা, ক্লাবের সমৃদ্ধ ইতিহাস, এবং দলের লক্ষ্য আমার আগ্রহ বাড়িয়েছে। আমি এখানে গোল করতে এসেছি। আমার সবকিছু দিয়ে ইস্টবেঙ্গলকে জেতাতে চাই।'
বড় চেহারার স্প্যানিশ স্ট্রাইকারকে পেয়ে কিছুটা সমস্যা কেটেছে অস্কার ব্রুজোর। দল ভাল খেললেও, গোল করার লোকের অভাব ছিল। যার খেসারত দিতে হয়েছে গত মরশুমে। তাই এবার আক্রমণ বিভাগে জোর দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল কোচ বলেন, 'ইউসেফ যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হয়েছে। ওর প্রোফাইলের সঙ্গে আমাদের চাহিদা মিলে গিয়েছে। আমার বিশ্বাস, ওর গুণগত মান দলকে লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওর ফোকাস নির্দিষ্ট। গোল করে দলকে জেতানো ওর প্রধান কাজ।'
সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে খেলা ক্লাব তানজং পাগার ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন ৩২ বছরের স্ট্রাইকার। মাত্র দশ দিন আগে শেষ ম্যাচ খেলেন। অর্থাৎ, খেলার মধ্যেই আছেন।স্পেনের সান্টা কোলোমা দ্য গ্রামিনেটে জন্মগ্রহণ করা ইউসেফ প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন। ইউরোপ এবং এশিয়ার একাধিক ক্লাবে খেলেছেন। এই তালিকায় রয়েছে স্পেনের গ্রামিনেট, মাতারো এবং ওয়োনেসা, আনডোরাজ কারোই। এছাড়াও ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। আইএসএল জয়ের লক্ষ্যে এবার নামবে ইস্টবেঙ্গল। ক্লাবের ফুটবল হেড থংবয় সিংটো মনে করছেন, ইউসেফের সংযোজনে লাল হলুদের আক্রমণ বিভাগ উপকৃত হবে।
