আজকাল ওয়েবডেস্ক: আল হিলালের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে নেইমারের পরবর্তী ঠিকানা হয়তো  স্যান্টোস। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় স্যান্টোসের ফলোয়ার বেড়ে গিয়েছে ১০ লক্ষ।

২০২৪ সালে ব্রাজিলের ঐতিহাসিক ক্লাবের নতুন ফলোয়ার হয়েছিল ৮ লক্ষ ৫৫ হাজার। কিন্তু নেইমারের খবর ছড়িয়ে পড়তেই নতুন ফলোয়ারের সংখ্যা হয়ে যায় ১০ লক্ষ। 

আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে নেইমারের। শৈশবের ক্লাবে ফিরছেন ব্রাজিলীয় তারকা। তার পরই সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরণ। 

স্যান্টোসের প্রেসিডেন্ট মার্সেলো টেক্সেইরা লিখেছেন, ''নেইমার এখন তোমার ঘরে ফেরার সময়। নিজের মানুষদের কাছে ফেরার সময়। আমাদের ছেলে নেইমারকে স্বাগত। তোমাকে দু' হাতে বরণ করে নেওয়ার অপেক্ষায় সান্তোসের সবাই।''

কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে লেখেন, ''ঘরের ছেলে ঘরে ফিরছে। বাবা এই খবর জানার পরে স্বর্গে নিশ্চয় বাই সাইকেল কিক মারছেন।'' 

স্যান্টোসে আপাতত ৬ মাসের চুক্তি করবেন নেইমার। তবে পরে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি সুটকেসের ছবি পোস্ট করে লিখেছেন, ''সুটকেস গোছানো খুব কঠিন।''