আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে অনুশীলন শুরু হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ক্রিকেটাররা একে একে শিবিরে যোগ দিচ্ছেন। পুরোদমে চলছে অনুশীলন। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ নাইটদের। যারা বরাবরই কলকাতার শক্ত গাঁট। সূত্রের খবর, ২৫ মার্চ মুম্বই উড়ে যাবেন অজিঙ্কা রাহানেরা।


৩৭ বছরের রাহানে এবারও কলকাতার নেতৃত্বে। গতবার তাঁর নেতৃত্বে দল ভাল ফল করেনি। তবুও এবার তাঁর উপরেই ভরসা রাখা হয়েছে। গতবার কলকাতা আট নম্বরে শেষ করেছিল। তাই এবার চাপ যে থাকবে সে কথা স্বীকার করে নিয়েছেন। রাহানে জানিয়েছেন, ‘‌প্রতিবছরই আলাদা চ্যালেঞ্জ থাকে। একজন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে। ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ পুনরায় আমার উপর ভরসা রাখার জন্য।’‌ 


এরপরই তিনি যোগ করেছেন, ‘‌চ্যালেঞ্জ থাকবেই। সুযোগও আসবে। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে। চ্যালেঞ্জ বা কঠিন পরিস্থিতি এলে সেগুলোকে বরাবরই আমি পজিটিভ হিসেবে নিই। তা সে অধিনায়ক হিসেবে হোক বা ক্রিকেটার হিসেবে।’‌
২০২৫ আইপিএলে ৩৯০ রান করেছিলেন রাহানে। আর কেকেআর ১৪ ম্যাচের মধ্যে জিতেছিল মাত্র পাঁচ ম্যাচ। দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। গত ১৬ বছরে সবচেয়ে খারাপ ফল ছিল কেকেআরের। 


এবার অবশ্য দল ঢেলে সাজানো হয়েছে। সাপোর্ট স্টাফ বদল করা হয়েছে। ক্রিকেটারদেরও বদল করা হয়েছে। তবে চোট সমস্যা রয়েছে। হর্ষিত রানা কবে আইপিএলে নামতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। মাথিসা পাথিরানা সুস্থ হয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে রাহানের উপর দল অনেকটাই নির্ভর করছে।


এবার রাহানে কত নম্বরে ব্যাট করবেন সেটাও প্রশ্ন। গতবার তিন নম্বরেই নেমেছিলেন বেশি। এবারও সেই সম্ভাবনাই থাকছে। ওপেনিং জুটি হতে পারেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট।