আজকাল ওয়েবডেস্ক: সাতদিন পর আইপিএল যাত্রা শুরু করবে বিরাট কোহলিরা। তার আগে বোলিং নিয়ে চিন্তায় থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না জস হ্যাজলউডকে। জশ দয়ালকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যার ফলে ভুবনেশ্বর কুমারের ওপর অনেকটাই নির্ভরশীল থাকবে আরসিবির বোলিং। তার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছেন ভুবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দুর্ধর্ষ ইয়র্কারে কোহলিকে বোল্ড করতে দেখা যায় তারকা পেসারকে। বিরাটের লেগ স্ট্যাম্পকে লক্ষ্য করে বল করেন। যার ফলে ভারসাম্য হারিয়ে ফেলেন কোহলি। 

আগের বছর আরসিবির জয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে দু'জনের। সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করেন কোহলি। ১৫ ইনিংসে ৬৫৭ রান করেন। অন্যদিকে ১৪ ম্যাচে ১৭ উইকেট নেন ভুবনেশ্বর। আইপিএলের মেগা নিলামে ১০.৭৫ কোটি দিয়ে তাঁকে কেনে বেঙ্গালুরু। এবার তরুণ পেসারদের মেন্টরের ভূমিকা পালন করতে হবে ভুবিকে। তরুণ পেসারদের মধ্যে রয়েছেন রাসিক সালাম দর, মঙ্গেশ যাদব। 

আইপিএল শুরু হতে ঠিক সাতদিন বাকি। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন কোহলি। গতবার প্রথম চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।‌ এবার খেতাব ধরে রাখার লড়াই। তার প্রস্তুতিতে প্রায় দশদিন আগে গার্ডেন সিটিতে পৌঁছে গিয়েছেন তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ে। আরসিবির ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কোহলি। গতবার ৬৫৭ রানে শেষ করেন। স্ট্রাইক রেট ১৪৪.৭১। গড় ৫৪.৭৫। তারমধ্যে রয়েছে আটটি অর্ধশতরান। তারকা ক্রিকেটারের ধারাবাহিকতা বেঙ্গালুরুর জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। অবশেষে রজত পতিদারের নেতৃত্বে ১৮ বছরের খরা কাটে।