আজকাল ওয়েবডেস্ক: দরজায় কড়া নাড়ছে আইপিএল। শনিবার থেকে শুরু কোটিপতি লিগ। তার আগে অভিষেক শর্মাকে সতর্কবার্তা এবি ডিভিলিয়ার্সের। শেষ দুই আইপিএলে ঝড় তোলেন বাঁ হাতি ওপেনার। এবারও ছন্দ ধরে রাখতে চাইবেন। প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করছেন, অভিষেককে আরও বেশি দায়িত্ব নিতে হবে। এবি ডিভিলিয়ার্স বলেন, 'ওর বয়স ২৫, আর ২০ নয়। এবার ওকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। ওর ওপর মিডিয়ার চাপ থাকবে। ওকে আরও ধারাবাহিক হতে হবে। আমরা সবাই জানি টি-২০ বিশ্বকাপে ধারাবাহিকতার অভাব ছিল। সেটা হতাশাজনক। তবে ফাইনালে ভাল খেলেছে। তাছাড়া গোটা টুর্নামেন্টে তেমন ভাল যায়নি। কখনও ভুলভাল শট মেরেছে।'

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত দুই মরশুমে ৪০০ রান করেন অভিষেক। স্ট্রাইক রেট ২০০ র ওপর। শেষ কয়েকটি আইপিএলে তরুণ ওপেনারের খেলার প্রশংসা করেন ডি'ভিলিয়ার্স। বলেন, '২০২৫ আইপিএল অভিষেকের জন্য অবিশ্বাস্য গিয়েছে। স্ট্রাইক রেট প্রায় ২০০ ছিল। গড় ৩০ এর কাছাকাছি। ওপেনিং ব্যাটারের জন্য যা ভাল। টুর্নামেন্টে ৪০০ রান ভাল, তবে আরও ভাল হতে পারত। ধারাবাহিকতা আনতে হবে। এটা ওর কাছে ব্যক্তিগত চ্যালেঞ্জ। এই মানসিক প্রতিকূলতা কাটিয়ে বেরোতে হবে। টি-২০ ফরম্যাটের একনম্বর ব্যাটার হলে প্রত্যাশা থাকবেই। সেটাই ক্রিকেটে সবচেয়ে বিপজ্জনক। মনে হবে গোটা বিশ্ব তাকিয়ে বসে আছে। এই মানসিক লড়াইটা ওকেই লড়তে হবে।' 

টি-২০ বিশ্বকাপে অফ স্পিনারদের বলে একাধিকবার আউট হন অভিষেক। প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করেন, অভিষেককে পরিস্থিতি বুঝতে হবে। ডি'ভিলিয়ার্স বলেন, ' সাফল্য পেতে হলে এবং কেরিয়ার দীর্ঘ করতে হলে বিভিন্ন ম্যাচ আপ বুঝতে হবে এবং সম্মান করতে হবে। যেমন ধরুণ যদি বুমরা বল করতে আসে, এবং ম্যাচ কঠিন জায়গায় থাকে। কীভাবে হ্যান্ডেল করবে? ওকে আক্রমণ করবে? না সম্মান জানিয়ে উইকেটের অন্য প্রান্তে চলে যাবে? ব্যাটার হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বুঝতে হবে এখানে ভয় আছে। আমি স্বাচ্ছন্দ্য নয়। আমি উইকেট ছুঁড়ে দেব না। আমি সময় দিয়ে দেখব কী করা যায়। আমার মনে হয় ওর খেলায় এটার অভাব আছে। এখানেই ওকে আরও বুদ্ধিমান এবং সতর্ক হতে হবে। নিজের গেমপ্ল্যানের ওপর আস্থা রাখতে হবে। ওর একটা ব্লুপ্রিন্ট থাকবে। সেটাই করে যাওয়ার চেষ্টা করতে হবে।' অভিষেককে ফের আইপিএলে পুরোনো ছন্দে দেখতে চান এবি।