আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে একপ্রকার বহিষ্কার করা হয়েছিল তাঁকে। সেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিরাট নাটক হয়ে গিয়েছে।
আইপিএল থেকে মুস্তাফিজুরকে ছুড়ে দেওয়ার পরে ঘটনাপ্রবাহ অন্য দিকে মোড় নিতে শুরু করে।
আইসিসি ও বাংলাদেশের মধ্যে লড়াই এমন জায়গায় পৌঁছে যায় যে শেষমেশ বাংলাদেশ বিশ্বকাপেই আর নেই।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপের টিকিট পায়। এবার বিশ্বকাপের আগে মুস্তাফিজুর দল পেলেন। আইপিএলে না থাকলেও পিএসএলে দল পেলেন বাংলাদেশের তারকা বোলার।
লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজুরকে। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে মুস্তাফিজুর খেলেছিলেন। ২০২৬ সালে আবার লাহোর কালান্দার্সে ফিরলেন তিনি। পাকিস্তানি মুদ্রায় ৬.৪৪ কোটি টাকার বিনিময়ে মুস্তাফিজুরকে দলে নেয় লাহোর কালান্দার্স। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।
লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা বলেন, ''একবার যে কালান্দার হয়েছে, সে বারবার কালান্দার। মুস্তাফিজুর কেবল খেলোয়াড়ই নয়, ও ভাই। আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য যে পরিবার ছেড়ে যায় না কখনও।''
কালান্দার্সের ড্রেসিং রুমে আবার মুস্তাফিজুর ফেরায় খুশির হাওয়া। তাঁর প্রতিভা, অভিজ্ঞতা ও দায়িবদ্ধতা অমূল্য। গতবারের চ্যাম্পিয়ন কালান্দার্স। তারা খেতাব ধরে রাখার জন্য খেলতে নামবে। পিএসএলের একাদশ সংস্করণে ছাপ ফেলার জন্যই নামবে লাহোর কালান্দার্স।
১৫টি টেস্ট, ১১৬টি ওয়ানডে-র পাশাপাশি ১২৬টি টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের হয়ে। সব ধরনের ফরম্যাটে ৩৬৬টি উইকেট নিয়েছেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মুস্তাফিজুর কিন্তু আগুন জ্বালিয়েছেন। ৩২২টি ম্যাচে ৪১২টি উইকেট তিনি নেন। সেই মুস্তাফিজুর এবার পাকিস্তান সুপার লিগে আগুন ধরানোর জন্য নামবেন এ কথা বলাই বাহুল্য।
