আজকাল ওয়েবডেস্ক: উইমেন্স প্রিমিয়ার লিগের গ্র্যান্ড ফাইনাল ঘিরে তৈরি হয়ে গিয়েছে এক রোমাঞ্চকর মঞ্চ। বৃহস্পতিবার ভদোদরার কোটাম্বির বিকেএ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস।
এর আগের বারে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালেও মুখোমুখি হয়েছিল আরসিবি এবং দিল্লি। সেবার দিল্লিকে হারিয়ে প্রথমবারের জন্য শিরোপা হাতে ওঠে স্মৃতি মান্ধানার।
এখনও পর্যন্ত উইমেন্স প্রিমিয়ার লিগের প্রত্যেকটি সংস্করণে ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। ফলে, এদিন দুই দলের মধ্যেই হেভিওয়েট লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছরের ফাইনালের পুনরাবৃত্তিতে আবারও শিরোপার লড়াইয়ে নামছে দুই শক্তিশালী দল। লিগ পর্বে দাপটের সঙ্গে ছ’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে আরসিবি।
অন্যদিকে, এলিমিনেটরে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দুর্দান্ত লড়াই করে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। যা টুর্নামেন্টের ইতিহাসে এক অনন্য নজির।
হেড-টু-হেড পরিসংখ্যানে অবশ্য এগিয়ে দিল্লি। উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে দুই দলের মধ্যে মোট ৯টি ম্যাচে দিল্লি জিতেছে ৬টিতে, আর বেঙ্গালুরু জয় পেয়েছে ৩টিতে।
তবু চলতি মরশুমে লিগ চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নামছে আরসিবি, ফলে তাদেরই ধরা হচ্ছে ফেভারিট। তবে জেমিমা রদ্রিগেজের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এমন এক দল, যারা প্রতি মরসুমেই ফাইনালে পৌঁছেছে। ফলে, বড় ম্যাচ বা চাপের ম্যাচে তাদের মানসিকতা কোনওরকম নিয়ে সন্দেহের অবকাশ নেই।
কোথায় দেখা যাবে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল?
এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। দর্শকদের জন্য ম্যাচটি লাইভ স্ট্রিমিং করা হবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। ম্যাচের টস হবে সন্ধ্যা ৭টায় এবং প্রথম বল গড়াবে রাত ৭টা ৩০ মিনিটে।
ভদোদরার বিকেএ স্টেডিয়ামের পিচের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ব্যাট এবং বল দুই বিভাগেই সমান সুবিধা মিলতে পারে। সন্ধ্যার দিকে শিশির কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে ব্যাটারদের জন্য রান করার সুযোগ থাকবে। ম্যাচ যত এগোবে, স্পিনাররাও পিচ থেকে সাহায্য পেতে পারেন।
