আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিততে পারেননি। কিন্তু অন্য একটি সম্মান পেতে পারেন মহম্মদ সামি। অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত করা হল। বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রের কাছে মনোনয়ন পাঠানো হয়েছে। এবারের বিশ্বকাপে সবচেয়ে সফল বোলার সামি। নিয়েছেন ২৪টি উইকেট। ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। প্রথম চার ম্যাচ দলের বাইরে ছিলেন। হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়ায় সুযোগ পান সামি। সাত ম্যাচে নেন ২৪ উইকেট। তারমধ্যে তিনবার পাঁচ উইকেট নেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তুলে নেন ৭ উইকেট। এই পারফরম্যান্সের স্বীকৃতি দিতে চাইছে বিসিসিআই। বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে সামির নাম প্রস্তাব করা হয়েছে। অর্জুন পুরস্কারের তালিকায় প্রথমে তাঁর নাম ছিল না। বিশ্বকাপে দুর্ধর্ষ বোলিংয়ের পর তাঁর নাম প্রস্তাব করা হয়। সামি ছাড়াও আরও ১৬ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পেতে পারেন। অন্যদিকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেতে পারেন সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ক্রীড়াজগতে শ্রেষ্ঠ সম্মান এটা।
