আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইন ম্যাচে গ্যালারিতে সমর্থকদের আচরণের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে মোহনবাগানকে। শুক্রবার ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে হবে। সেই নিয়ে সরব মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু। দুই শীর্ষকর্তার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সমর্থকদের খেলা দেখার অনুমতি না দেওয়া হলে, কর্তারাও ম্যাচ বয়কট করবে। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, 'ফুটবলকে শেষ করে দিচ্ছে এআইএফএফ।‌ ফুটবল খেলা কাদের জন্য হয়? সাপোর্টারদের জন্য। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। আমাদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাহলে জরিমানা করল কেন? কারা দোষ করেছে? সমর্থকরা। আমরা জানি না কোথায় আগুন লেগেছে। তাও ধরে নিলাম লেগেছে। সেটার জন্য ইতিমধ্যেই এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তারপর সমর্থকদের শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, শুক্রবার মাঠে যাব না। আমি অন্য কর্তাদের অনুরোধ করব যাতে মাঠে না যায়। দর্শকদের খেলা দেখা থেকে বঞ্চিত করবে কেন? ওরাই আসল শক্তি। ভারতের ফুটবলকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।' 

বাগান সভাপতির সঙ্গে সুর মেলান সচিব। মাঠে না প্রবেশ করে স্টেডিয়ামের বাইরে কালো ব্যাজ পরে প্রতিবাদ করার কথা জানান। এই প্রতিবাদে সমর্থকদেরও সামিল থাকার আর্জি জানানো হবে। এই নিয়ে বুধবার নিজেদের মধ্যে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, 'সাপোর্টারদের যদি খেলা দেখার অনুমতি না থাকে, তাহলে আমরাও যাব না। বিক্ষোভ দেখানো উচিত। আমরা কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখাতে পারি। অপদার্থ ফেডারেশন। ফুটবলে লাটে তুলে দিচ্ছে। এতদিন ধরে আনোয়ারের সিদ্ধান্ত নিতে পারে না। এতদিন পর্যন্ত ফেডারেশন যা সিদ্ধান্তে নিয়েছে, সেটা হিতে বিপরীত হয়েছে।' 

ফেডারেশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন মোহবাগান সচিব। সৃঞ্জয় বসু বলেন, 'আসলে ফেডারেশনের চার্চিল ব্রাদার্সের প্রতি দুর্বলতা আছে। ওদের নিতে পারেনি, তাই সব ক্লাবকে শাস্তি দিচ্ছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমি দেবাশিস দার সঙ্গে একমত। তবে শুধু ম্যাচ বয়কট করে লাভ নেই, এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।' মঙ্গলবার দোল পূর্ণিমা। ব্যক্তিগত কাজে ব্যস্ত বাগান কর্তারা। বুধবার নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবার, ৬ মার্চ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের। সেই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে সবুজ মেরুনকে। এই শাস্তি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।‌ মঙ্গলবার শাস্তির কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে মোহনবাগান। তাঁরা যে একেবারেই খুশি নয়, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়, 'চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে মোহনবাগানের সমর্থকদের দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সেই কারণে জরিমানা করা হয়েছে। জরিমানা ক্লাব মেনে নিয়েছে। কিন্তু তাতেও খুশি হয়নি এআইএফএফ। শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে আমাদের ঘরের মাঠে খেলা দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেওয়া হয়েছে।'